
শেষ আপডেট: 16 March 2022 06:37
দ্য ওয়াল ব্যুরো: একরত্তি ছেলেকে নিয়ে সাইকেলে চেপে চা-বাগান পেরোচ্ছিলেন বাবা (Dooars)। পথেই বিপত্তি। ওয়াচ টাওয়ারের ঠিক আড়ালে ওত পেতে ছিল আস্ত এক চিতাবাঘ (Leopard)! কাছে আসতেই সে ঝাঁপিয়ে পড়ল সাইকেলের উপর।
বাঘের আচমকা আক্রমণে পাঁচ বছরের অনুজ বাবার সাইকেল থেকে ছিটকে পড়ে যায়। তার দিকেই এগিয়ে যায় চিতাবাঘটি। কিন্তু ডুয়ার্সের চা বাগান এরপরেই দেখে রুদ্ধশ্বাস এক বাঘে-মানুষে লড়াই।
আরও পড়ুনঃ মেয়েকে উত্যক্ত করত পাড়ার যুবক! প্রতিবাদ করতে গিয়ে মার খেলেন বাবা
খালি হাতেই বাঘের সঙ্গে লড়তে শুরু করেন বাবা সুরজ লোহার। ছেলের প্রাণ বাঁচানোই তখন একমাত্র লক্ষ্য। দুই হাত মুঠো করে সজোরে ঘুষি মারতে থাকেন তিনি চিতাবাঘের মুখে। পাল্টা থাবার আঁচড়ে সু্রজকে জখম করতে থাকে বাঘটিও। তবে শেষমেশ তাকে হার মানতে হল। সুরজের ঘুষির চোটে যেন চোখে অন্ধকার দেখতে শুরু করে চিতাবাঘটি। শিকার ফেলেই অগত্যা পালাতে হয়।
ছেলেকে বাঁচিয়ে খালি হাতে চিতার সঙ্গে লড়াই করে সুরজ এখন ডুয়ার্সের হিরো। অনেকে তাঁকে বলছেন বাঘা যতীন। পরাধীন ভারতের এই বিপ্লবীও খালি হাতে বাঘের সঙ্গে লড়াই করেছিলেন বলে শোনা যায়। সুরজ লোহার যেন ডুয়ার্সের বাঘা যতীন।
বর্তমানে সুরজ সুলকপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সেরে উঠছে তাঁর ক্ষত। বাঘ তাড়াতে পেরেছেন, সকলে এখন তাঁকে ধন্য ধন্য করছেন।