দ্য ওয়াল ব্যুরো: শনিবার কাঁকসার পানাগড় বাজার হাইস্কুল চত্বরে বসেছিল দুয়ারে সরকারের ক্যাম্প। বিরোধ ভুলে ক্যাম্পে আসা উপভোক্তাদের ফর্ম ফিল-আপ করতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সিপিএম কর্মীরা। তাঁদের দাবি সরকার যদি মানুষের জন্য কিছু করে, সেক্ষেত্রে তাঁরা পাশে থাকবেন।
বিষয়টি নিয়ে কাঁকসার সিপিআইএম নেতা শেখ শামসুজ্জোহা বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্যই তাঁরা দুয়ারে সরকার ক্যাম্পে এসে ফর্ম ফিল-আপ করেছেন। ফর্ম ফিল-আপ করতে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই তাঁদের ক্যাম্পে এসেছেন।
এদিন দুয়ারে সরকার ক্যাম্পে মহিলাদের উপচে পড়া ভিড় ছিল। মহামারী পরিস্থিতিতে এমন জমায়েত নিয়ে বিভিন্নমহল থেকে প্রশ্নও উঠেছে।
এ প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস জানিয়েছেন, সাধারণ মানুষের উৎসাহিত। তাই ক্যাম্পে ভিড় জমিয়েছেন। করোনার বিধিনিষেধ মানার জন্য প্রচার চালা হয়েছে। ক্যাম্পে আসা মাস্কবিহীনদের জন্য মাস্ক বিলির ব্যবস্থা করা হয়েছিল।
দুয়ারে সরকারে সিপিএমের ফর্ম ফিল-আপ নিয়ে তৃণমূলের বক্তব্য, সাধারণ মানুষের সুবিধার জন্য শনিবার পানাগড় বাজার জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল-আপ করলেন সিপিআইএমের কর্মী-সমর্থকরা। রাজ্য সরকারের পরিকল্পনায় এমন বামেরা সক্রিয়ভাবে এগিয়ে আসায় রাজনৈতিকমহলে চর্চা শুরু হয়েছে।