
শেষ আপডেট: 7 June 2023 13:50
দ্য ওয়াল ব্যুরো: ফের করমণ্ডল এক্সপ্রেসে বিপত্তি। বুধবার শালিমার থেকে ট্রেনের চাকা গড়াতে না গড়াতেই থমকে গেল এক্সপ্রেস। এসি গোলযোগের কারণে সাঁতরাগাছিতে দাঁড়িয়ে গেল ট্রেন। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে।
শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশন পেরোতেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে। সেই আতঙ্কের রেশ এখনও কাটেনি মানুষের মধ্যে। তারপর ৫ দিন কেটে গেছে। লাইন ঠিক করার পর বুধবার ফের করমণ্ডল এক্সপ্রেস ছাড়ে শালিমার স্টেশন থেকে। ৩টে ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছাড়তে সামান্য দেরি করে।
ঘড়ির কাঁটায় ঠিক ৩টে ২৬ মিনিট নাগাদ শালিমার থেকে ছাড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ছাড়ার সময় ট্রেনে এসি চালানো ছিল না। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে চালু হয় এসি। কিন্তু সাঁতরাগাছি পৌঁছেতেই ট্রেনের বি-৩ কোচের এসি বন্ধ হয়ে যায়। এর জেরে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেন। তারপর বিভ্রাট সারিয়ে ফের চলতে শুরু করে করমণ্ডল এক্সপ্রেস।
শুক্রবার করমণ্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় ২৮৮ জন। হাজারের বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত চলছিল রেললাইন সারানোর কাজও। যতক্ষণ না সারানো হচ্ছে, ততক্ষণ দক্ষিণগামী সমস্ত রুটের ট্রেন চলাচলই থেমে ছিল। লাইন সারানোর প্রায় ২৪ ঘণ্টা পর পরীক্ষামূলক ভাবে প্রথমে একটি মালগাড়ি চালানো হয় ওই লাইনে। বুধবার ফের সাঁতরাগাছি থেকে ছাড়ল করমণ্ডল।
করমণ্ডল এক্সপ্রেসের চাকা গড়াল পাঁচ দিন পর, ছাড়ল সাঁতরাগাছি, সন্ধেয় পেরোবে সেই বাহানাগা