
শেষ আপডেট: 18 July 2023 07:45
দ্য ওয়াল ব্যুরো: সদ্য শেষ হয়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ভোট। নির্বাচনের নামে প্রহসনের অভিযোগে সরব বিরোধীরা। এতদিন বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্তভাবে পুনর্নির্বাচনের (Re election) দাবি জানানো হচ্ছিল। এবার গোটা জেলায় পুনর্নির্বাচনের দাবিতে প্রধান বিচারপতি কাছে আবেদন করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ (BJP MP) জ্যোতির্ময় সিং মাহাত ।
‘পুরুলিয়া (Purulia) জেলায় স্বচ্ছ নির্বাচন হয়নি’, - এই মর্মে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির (Chief Justice) কাছে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোরও অনুরোধ জানিয়েছেন বিজেপি সাংসদ। বিষয়টি প্রকাশ্যে আসতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
বস্তুত, এর আগে বিক্ষিপ্তভাবে রাজ্যের কিছু অংশে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা। কিন্তু এভাবে গোটা একটা জেলার পুনর্নির্বাচনের দাবি জানানোর ঘটনা এই প্রথম। কেন? বিজেপি সাংসদের দাবি, “নির্বাচনের দিন থেকে ভোট গণনা, সম্পূর্ণ প্রক্রিয়াটাই হয়েছে লোক ঠকানো। ফলে মানুষের প্রকৃত রায় সামনে আসেনি। তাই পুনর্নির্বাচনের আবেদন।”
সূত্রের খবর, এবারের পঞ্চায়েত ভোটে পুরুলিয়া জেলার বেশ কিছু তথ্যও আদালতে জমা দিয়েছেন বিজেপি সাংসদ। কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের ভোটে পুরুলিয়া জেলার ২০টি পঞ্চায়েত সমিতির সবকটি দখল করেছে শাসকদল তৃণমূল। জেলা পরিষদও তাদের দখলে। ৪৫টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ৪২টি, বিজেপি ২টি এবং নির্দল জয়ী হয়েছে ১টি আসনে। ১৭০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শাসকদলের দখলে ১২৩টি, বিজেপি জিতেছে ১১টি গ্রাম পঞ্চায়েতে।
আরও পড়ুন: গ্রুপ ডি-তে বঞ্চিত চাকরিপ্রার্থীরা মিছিল করতে পারবেন, অনুমতি দিল হাইকোর্ট