
শেষ আপডেট: 12 September 2022 10:17
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay), বাংলা সাহিত্যে অন্যতম নাম। তাঁর লেখার প্রতি ছত্রে ধরা আছে প্রকৃতির অদ্ভুত রূপ। সেই বিভূতিভূষণকে নিয়ে এবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (Kalyani University) তৈরি হবে সংগ্রহশালা। লেখকের আজ ১২৯তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে এই সংগ্রহশালা তৈরির ভাবনা নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কল্যাণী বিশ্ববিদ্যালয়টি যে স্থানে গড়ে উঠেছে বহু বছর আগে এই সেই জায়গার নাম ছিল মুরাতিপুর। ১৮৯৪ সালে আজকের দিনে তৎকালীন মুরাতিপুরেই জন্মগ্রহণ করেছিলেন বিভূতিভূষণ। তাই লেখকের স্মৃতির উদ্দেশ্যে এইখানেই স্থাপিত আছে বিভূতিভূষণের আবক্ষ মূর্তি। বিভূতি পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই মূর্তি উন্মোচিত হয়েছিল।
এদিন বিভূতিভূষণের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল। তার পর তিনি জানান, “বাংলা বিভাগের বিভূতিভূষণ কক্ষটি এসি-র পাশাপাশি আধুনিকীকরণ করা হচ্ছে। বিভূতিভূষণ সম্পর্কে বিভিন্ন ধরনের গবেষণা প্রকল্প নেওয়া হবে। সত্যজিৎ রায়-সহ যে সব চলচ্চিত্রকার বিভূতিভূষণের কাহিনি নিয়ে সিনেমা তৈরি করেছেন সেগুলি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে দেখানো হবে। গড়ে তোলা হবে বিভূতিভূষণ সংগ্রহশালা।”

সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক গোপা দত্ত ভৌমিক, অধ্যাপক অলোক চক্রবর্তী, অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, ইমন সেনগুপ্ত প্রমুখ।
এছাড়াও এদিন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান সঞ্জিৎ মণ্ডল জানান, “শৈশব-কৈশোরে প্রকৃতির রূপ-রস-গন্ধ, অচেনা অজানা অসংখ্য গাছের পল্লবিত রূপ এই কল্যাণীতেই প্রথম উপভোগ করেছিলেন তিনি। তাঁর স্মরণে ‘বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আখ্যানের স্বরান্তর’ শিরোনামে একটি আলোচনাসভাও হল বাংলা বিভাগে।”

শুধু তিনি একা নন, বাংলা বিভাগের অধ্যাপক সুখেন বিশ্বাসও বিভূতিভূষণকে নিয়ে কয়েকটি কথা বলেন। তাঁর কথা উঠে এসেছে, “নোবেলের জন্য প্রাথমিক পর্যায়ে মনোনীত হয়েছিলেন বিভূতিভূষণ। সেই মর্মে সুইডিস অকাদেমি থেকে ভারতবর্ষে চিঠিও এসেছিল। কিন্তু অজানা কারণে সেটি আর এগোয়নি।” তিনি আরও যোগ করেন, “বিভূতিভূষণের হাতেখড়ি হয়েছিল কল্যাণী ঘোষপাড়ার বিপিন মাস্টারের পাঠশালায়। তাঁর নামে মুরাতিপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রাথমিক স্কুল গড়ে উঠেছে। তাঁর জন্মস্থান আমাদের কাছে তীর্থভূমি।”
ডেঙ্গি বাড়ছে সুন্দরবন-বসিরহাটে, বাড়ি বাড়ি গিয়ে রক্ত পরীক্ষা, সচেতনতার প্রচার চলছে