দ্য ওয়াল ব্যুরো: অনেক দূরে বাড়ি, তাই পৌঁছতে দেরি হয়ে যাওয়ায় টেট পরীক্ষায় বসতেই পারলেন না ৭ জন পরীক্ষার্থী। বালুরঘাটের এই ঘটনায় পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর কুড়ি মিনিট আগে এসে পৌঁছলেও, তাঁদের ঢুকতে দেয়নি পুলিশ।
ওই পরীক্ষার্থীরা বলেন, রবিবার এমনিই গাড়ি চলাচল কম থাকে। পরীক্ষার কারণে কোনও ব্যবস্থাও ছিল না। সেই কারণেই এক ঘণ্টা আগে ঠিক সময়ে পৌঁছতে পারেননি তাঁরা। এর ফলে, এতদিন টেট পরীক্ষা বন্ধ থাকার পরে শেষমেশ পরীক্ষা হলেও তা দিতে পারলেন না তাঁরা।
দীর্ঘ অপেক্ষার পরে আজ রবিবার রাজ্যজুড়ে টেট পরীক্ষা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় আট হাজার পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছেন, জেলার চব্বিশটি সেন্টারে। এদিন বালুরঘাটের ললিতমোহন আদর্শ বিদ্যালয়ে পরীক্ষার সিট পড়েছিল জেলার অন্য প্রান্ত হরিরামপুরের বেশ কিছু পরীক্ষার্থীর। পরীক্ষা শুরুর সময় দুপুর একটা থেকে হলেও পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে এক ঘণ্টা আগে ঢোকার নিয়ম। কিন্তু গাড়ির অভাবে বালুরঘাট থেকে ৭০ কিমি দূর হরিরামপুরের ওই পরীক্ষার্থীদের পৌঁছাতে দেরি হয়ে যায় খানিকটা। ফলে তাঁরা বসতে পারলেন না টেট পরীক্ষায়।
পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারা এক পরীক্ষার্থী মাতাহার আলি জানান, "দীর্ঘদিন পর পরীক্ষা হচ্ছে। সেই হরিরামপুর থেকে বালুরঘাটে সিট পড়েছে। সময়মতো গাড়ি না পাওয়ায়, পরীক্ষা কেন্দ্রে ঢোকার সামান্য দেরি হওয়ায়, আমাদের ঢুকতে দেওয়া হয়নি।"
জেলা বিদ্যালয় পরিদর্শক নারায়ণ চন্দ্র পাল টেলিফোনে জানান, পরীক্ষার্থীদের এক ঘণ্টা আগে রিপোর্টিং টাইম। সেই মতো রিপোর্টিং টাইম বারোটা হলেও পরীক্ষার্থীদের সাড়ে বারোটা পর্যন্ত ঢুকতে দেওয়া হয়েছে। এর পর এলে কাউকেই ঢুকতে দেওয়া যাবে না।