দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে একদিনে করোনাভাইরাস আক্রান্ত হলেন ৫৮ জন! এটাই রাজ্যের সরচেয়ে বড় বৃদ্ধি এ পর্যন্ত। পাশাপাশি করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়াল ৩৩৪ জন। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পরে রাজ্যে মোট সুস্থ হওয়ার সংখ্যা পৌঁছল ১০৩-এ। যদিও নতুন করে আর কারও মৃত্যু হয়নি এ দিন, মৃতের সংখ্যা ১৫-ই আছে। বৃহস্পতিবার বিকেলে মুখ্যসচিব রাজীব সিনহা নবান্নে এমনটাই জানালেন সাংবাদিক বৈঠকে।
তিনি উল্লেখ করেন, নতুন যে ৫৮ জন আক্রান্ত হওয়ার খবর এসেছে, তার মধ্যে ২২টি কেস কয়েকটি পরিবারে সীমাবদ্ধ এবং ৩৬টি কেস বিভিন্ন জায়গার। কলকাতার কনটেনমেন্ট জোনের মধ্যে পাঁচটা জোন থেকে কোনও কেস আসেনি বলে দাবি করেন মুখ্যসচিব। সেই সঙ্গে জানান, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলারও বেশ কয়েকটি কনটেনমেন্ট জোন থেকে কেস আসেনি।
রাজ্যের ন'টি জেলা থেকেও কোনও কেস নেই এখনও। এ ছাড়া রাজ্যে মোট ১১টি অরেঞ্জ জোন আছে। চারটি জেলা (কলকাতা, হাওড়া, উঃ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা) রেড জোন। কলকাতাও রাজ্যের কাছে চ্যালেঞ্জিং বলে জানান তিনি। উল্লেখ করেন, এই জায়গাগুলি নিয়ে সব রকম ভাবে চেষ্টা করছে সরকার। গতকাল থেকে আজ পর্যন্ত ৯৫৩টি স্যাম্পেল টেস্ট হয়েছে বলে জানান তিনি। মালদায় হয়েছে ১২০টি টেস্ট, যার সব রিপোর্ট নেগেটিভ।
এই মুহূর্তে রাজ্যের ৬৬টি হাসপাতালে কোভিড চিকিৎসা হচ্ছে এবং ১২টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে বলেও জানান তিনি। এখন সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আছেন ৪৬৯৫ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮ হাজার ৪৩৩ জন। ৪২ থেকে ৬০ বছরের রোগীদের মধ্যে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। কিছু বাচ্চারও হয়েছে বলে জানা গেছে।
মুখ্যসচিবের দাবি, পরিস্থিতি অনুযায়ী রাজ্য সরকার সব রকম ব্যবস্থা করছে। কেন্দ্রের কিছু বলার থাকলে আলোচনা বা পরামর্শ দিতে পারে, টিম পাঠানোর দরকার নেই।