দমকল দফতরের বাইরে ঝোলানো হল হোয়াটসঅ্যাপে আসা সেই তালিকাই, বিক্ষোভ-অবরোধ জলপাইগুড়িতে
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। দমকলের চাকরি নিয়োগের পরীক্ষায় তালিকা হোয়াটসঅ্যাপে আসার পরই শুরু হয়েছিল বিভ্রান্তি। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার যে অভিযোগ ঘিরে শুরু হয়েছিল তুমুল বিক্ষোভ। সেই অভিযোগ অনেকটাই সত্যি হতে দেখ
শেষ আপডেট: 17 January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। দমকলের চাকরি নিয়োগের পরীক্ষায় তালিকা হোয়াটসঅ্যাপে আসার পরই শুরু হয়েছিল বিভ্রান্তি। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার যে অভিযোগ ঘিরে শুরু হয়েছিল তুমুল বিক্ষোভ। সেই অভিযোগ অনেকটাই সত্যি হতে দেখা গেল শুক্রবার সকালে। জলপাইগুড়ি দমকল দফতরের সামনে আজ টাঙানো হল বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে আসা সেই তালিকাই।
ঘটনাকে ঘিরে এ দিন দফায় দফায় শুরু হয় বিক্ষোভ-অবরোধ। পুলিশ লাইন রোড ঘিরে রেখে অবরোধ করে উত্তেজিত জনতা। চাকরি প্রার্থীদের সঙ্গে যোগ দেন স্থানীয়েরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি (হেডকোয়ার্টার) প্রদীপ সরকার, আইসি (কোতোয়ালি) বিশ্বাশ্রয় সরকার-সহ বিশাল পুলিশবাহিনী।
চুক্তি ভিত্তিক অক্সিলিয়ারি ফায়ার পার্সোনালের জন্য গত বছরের জুন মাসে একটি পরীক্ষা নেওয়া হয়। জলপাইগুড়ি ডিভিশনাল অফিসে মোট ৪০টি খালি পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন ৪১০ জন প্রার্থী। বৃহস্পতিবার তারই নিয়োগপত্রের তালিকা হোয়াটসঅ্যাপে আসে। সেই তালিকায় ছিল ৪০ জনের নাম। অভিযোগ ওঠে, শারীরিক সক্ষমতার পরীক্ষায় আশানুরূপ ফল না করলেও সেই সব প্রার্থীদেরই নাম রয়েছে তালিকায়। নিয়োগপত্রের সত্যতা নিয়ে শুরু হয় চাপানউতোর। টাকার বিনিময়ে প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।

অনেক প্রার্থীরই অভিযোগ, পরীক্ষার সময় ভিডিও রেকর্ডিং করা হয়েছিল সেগুলো খতিয়ে দেখা হোক। প্রসেনজিৎ বসাক নামে এক পরীক্ষার্থীর দাবি, ‘‘এই তালিকার কোনও ভিত্তি আছে কি না জানতে চেয়ে দমকল দফতরে আসি। দেখলাম অফিসার আসেননি। আমার আবেদন পত্র জমা দেওয়া হল না। নিয়োগ তালিকায় যাঁদের নাম এসেছে তাঁরা কেউ আমাদের চেয়ে ভালো পরীক্ষা দেননি।’’
https://www.youtube.com/watch?v=AM5McShpyG8&feature=youtu.be
নরেন্দ্রনাথ রায় নামে এক পরিক্ষার্থীর অভিযোগ, ‘‘ টাকার বিনিময়ে এই তালিকা তৈরি করা হয়েছে। আমি নিজে ১৬ সেকেন্ডে মইতে উঠেছি। লং জাম্পে আমি দ্বিতীয় হয়েছি। পরীক্ষার দিন মাঠে ভিডিও করা হয়েছে। সেই ভিডিও দেখা হোক। যদি টাকার বিনিময়ে এই তালিকা প্রকাশ করা হয় তাহলে আমি আইনি ব্যবস্থা নেব।’’
একই অভিযোগ অন্য বিক্ষোভকারীদেরও। তাঁদের দাবি, হুগলিতেও ঠিক এই ভাবেই নিয়োগ পত্রের তালিকায় গলদ ছিল। জলপাইগুড়িতেও তাই হল। অবিলম্বে ব্যবস্থা না নিলে বিক্ষোভ চলবে বলেও জানিয়েছেন তাঁরা।