দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গঙ্গায় স্নান করতে নেমেছিল চার কিশোর। ঢেউয়ের টানে ভেসে যাচ্ছিল চারজনই। একজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করতে পারলেও বাকি তিনজনের কোনও খোঁজ মেলেনি এখনও।
আজ দুপুরে কাঁকিনাড়া বাজার এলাকায় গঙ্গার ঘাটে স্নান করতে এসেছিল চার কিশোর। প্রতিদিনই তারা গঙ্গায় নেমে স্নান করে, হুটোপাটি করে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। কিন্তু আজ হঠাৎই কোনওভাবে স্রোতের টানে পড়ে যায় তারা। গঙ্গায় সে সময় যাঁরা স্নান করছিলেন, একজনকে টেনে তোলেন তাঁরা। কিন্তু তলিয়ে যায় বাকি তিনজন।
খবর পেয়ে ছুটে যায় জগদ্দল থানার পুলিশ। পৌঁছোয় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। সারাদিন তল্লাশির পরেও ওই তিন কিশোরের কোনও খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, নিখোঁজ তিন কিশোরের নাম আকাশ সাউ (১৬), সুমিত বর্মা (১৪) এবং সাগর দাস( ১৫)। তিনজনেই স্থানীয় স্কুলের পড়ুয়া। সন্ধে পর্যন্ত তাদের খোঁজে স্পিড বোট নিয়ে তল্লাশি চলে। গঙ্গার ঘাটে ভিড় উদ্বিগ্ন পরিজন ও পড়শিদের।