
শেষ আপডেট: 16 March 2023 13:42
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকেই একাধিক সংবাদমাধ্যমে লেখালেখি শুরু হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) নোবেল শান্তি পুরস্কার (Nobel Prize) পেতে পারেন। স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের আইটি সেলও নতুন করে মোদীকে বিশ্বগুরু মোড়কে প্রচার শুরু করেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যাঁর নাম উদ্ধৃত করে খবর পরিবেশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে, সেই তিনি নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ডেপুটি চিফ অ্যাসলে তোজো বলেন, ‘একেবারে ভুয়ো খবর।’
নোবেল কমিটির একটি প্রতিনিধি দল ভারত সফরে এসেছে। তাতে রয়েছেন তোজোও। তাঁর একটি বিবৃতি নিয়ে মোদীর নাম জুড়ে দেওয়া হয়েছিল নোবেল শান্তি পুরস্কারের সঙ্গে। কিন্তু তোজো সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, ‘একটি ভুয়ো খবরের টুইট নিয়ে ভারতের সংবাদমাধ্যমের একাংশ ওই খবর পরিবেশন করেছিল। কিন্তু আমি এরকম কোনও কথা বলিনি।’
তাহলে ব্যাপারটার সূত্রপাত কীভাবে?
অ্যাসলে তোজো বলেছেন, ‘আমি রাশিয়া-ইউক্রেন যুদ্ধা থামানোর প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেছিলাম। কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন এমন কোনও কথা আমি বলিনি।’ অনেকের মতে, দুইয়ে দুইয়ে চার করেই অনেকে মোদীকে শান্তির শ্বেত পারাবত হিসাবে দেখাতে শুরু করেছিলেন।
নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ডেপুটি চিফ সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, এসব প্রাসঙ্গিক আলোচনা বন্ধ হোক।
মুলায়মকে পদ্মবিভূষণের পর কাশীরামকে জন্মদিনে স্মরণ, বিজেপির অঙ্কটা কী