
শেষ আপডেট: 25 August 2023 08:24
দ্য ওয়াল ব্যুরো: যাঁরা ডাক্তারির পরীক্ষা দিতে যাচ্ছেন, তাঁদের জন্য বড় সুখবর। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC issues rules)-এর নতুন নিয়ম অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন মেডিক্যাল কলেজগুলিতে স্নাতকে সিট বেড়ে হচ্ছে ১৫০। সেই সঙ্গেই আগামী দিনে ডাক্তারির কোর্সের নানারকম নতুন নিয়মও চালু করতে চলেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC issues rules)।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে যে ৫০টি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে শুধু পশ্চিমবঙ্গই নয় এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাট, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু, তেলাঙ্গানা এবং উত্তর প্রদেশও রয়েছে। এই ৫০টি মেডিক্যাল কলেজের মধ্যে ২৯টি সরকারি মেডিক্যাল কলেজ (NMC issues rules)। বাকিগুলির মধ্যে কোনওটি বেসরকারি, কোনওটি ট্রাস্ট আবার কোনওটি পিপিপি মডেলে চলবে।
ন্যাশনাল মেডিক্যাল কমিশন তাদের নতুন নির্দেশিকায় জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষ থেকে এই মেডিক্যাল কলেজগুলিতে স্নাতকে সবচেয়ে বেশি ১৫০টি করে সিট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কমিশনের তরফে জানানো হয়েছে, বার্ষিক ৫০/১০০/১৫০ এইভাবে পড়ুয়া ভর্তি নিতে পারে মেডিক্যাল কলেজগুলি।
আরও পড়ুন: অশিক্ষক কর্মীদের থেকেও কম বেতন পান প্যারা টিচাররা! চমকে উঠলেন বিচারপতি, কৈফিয়ত তলব
ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) অফিসিয়াল ওয়েবসাইটে নতুন মেডিক্যাল ইনস্টিটিউশনের স্নাতক কোর্স, নতুন মেডিক্যাল কলেজ শুরু করা, বর্তমান কোর্সের আসন বাড়ানো এবং অ্যাসেসমেন্ট ও রেটিং রেগুলেশন চালু করার কথা বলা হয়েছে। যে কলেজগুলি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আসন বাড়ানোর আবেদন পায়নি তারা পরের শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৪-২৫-এ আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এনএমসি এই কলেজগুলির জন্য আলাদা ব্যবস্থা করবে।