দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানে সেনা বনাম তালিবানদের লড়াইয়ে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। সম্প্রতি আরও একটি সেনা ছাউনির দখল নিয়েছে তালিবান জঙ্গিরা।
আফগান সেনা সূত্রে খবর, রবিবার উত্তর আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের ঘোরমাচ জেলার চেনাইহা সেনা ছাউনিতে অনুপ্রবেশের চেষ্টা করে তালিবান জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। দুদিনের লড়াইয়ের পর অবশেষে সেনা ছাউনির দখল নেয় তালিবান জঙ্গিরা। এই লড়াইয়ে ১০ সেনা জওয়ান নিহত, ১৫ জন আহত এবং প্রায় ১২ জন জওয়ান জঙ্গিদের হাতে বন্দি রয়েছেন বলে সেনা সূত্রে খবর।
যদিও অসামরিক সূত্রে জানা গিয়েছে এই গুলির লড়াইয়ের পর প্রায় ৪০ জন জওয়ান বন্দি রয়েছেন জঙ্গিদের হাতে। অন্যদিকে ৩০ জনের উপর জঙ্গিও মারা গিয়েছে বলে খবর। বাইরে থেকে আফগান সেনা ওই ছাউনি দখলের চেষ্টা করছে বলে জানা গিয়েছে। শুধু এই অঞ্চলই নয়, একই সঙ্গে আফগানিস্তানের দক্ষিন-পূর্বে গজনি প্রদেশে তালিবানি জঙ্গি হামলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে।
গত এক সপ্তাহে জঙ্গি হামলায় শয়ে শয়ে মানুষ মারা গিয়েছেন ওই এলাকায়। গজনি শহরে পালিয়ে আসা বহু আফগানের বক্তব্য, ওই এলাকায় তালিবান জঙ্গিরা টেলিকমিউনিকেশন ব্যবস্থা, জল, বিদ্যুৎ সব পরিষেবা বন্ধ করে দিয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ নেই। এমনকী অনেক সরকারি বাড়ি ও ভবন ভেঙে ফেলেছে তালিবানরা।
পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে আফগান সেনা। বেশ কিছু এলাকা তারা তালিবানদের হাত থেকে পুনরুদ্ধার করেছে। এই কাজে তারা মার্কিন সেনার সাহায্য পাচ্ছে। কিন্তু এখনও বেশ কিছু জায়গায় চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তালিবানরা। এইসব ঘটনায় সন্ত্রস্ত হয়ে রয়েছেন আফগানিস্তানের সাধারণ মানুষ।