দ্য ওয়াল ব্যুরো: একেই বোধহয় বলে বাপ কা বেটা!
সবাইকে চমকে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত। কর্ণাটকের রাজ্য ক্রিকেট বোর্ডের ইন্টার জোনাল অনুর্দ্ধ-১৪ টুর্নামেন্টে ব্যাট হাতে ডবল সেঞ্চুরি হাঁকাল রাহুল দ্রাবিড়ের ছেলে। একই সঙ্গে বল হাতে তুলে নিল তিনটি উইকেট। এই অলরাউন্ড পারফরম্যান্স দেখে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, বাবার রাস্তাতেই এগোচ্ছে ছেলে।
এখনও ১৩ বছর বয়স হয়নি সমিতের। কিন্তু তার ব্যাটিং স্টাইল, ফুটওয়ার্ক এবং টেকনিক দেখে অনেকেই বলছেন, রাহুলের মতোই কপিবুক ক্রিকেটকে ধ্যানজ্ঞান করে ফেলেছে ছেলে সমিত।
এর আগে ২০১৫ সালে মাত্র ৯ বছর বয়সে অনুর্দ্ধ-১২ গোপালন ক্রিকেট চ্যালেঞ্জ ট্রফিতে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছিল খুদে সমিত। তারপর ২০১৬তে ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুলের হয়ে দেড়শ রান করেছিলেন।
দ্রাবিড় যদিও সংবাদমাধ্যমে এ নিয়ে স্বভাবসিদ্ধ ঢঙেই সমস্ত উচ্ছ্বাস চেপে গিয়েছেন। শুধু বলেছেন, “ওর এখনও অনেক কিছু শেখা বাকি। তবে হ্যাঁ, ও ক্লান্তিহীন পরিশ্রম করে। রুটিন প্র্যাকটিসের বাইরেও বেশ কয়েকঘণ্টা নেটে কাটায়।”
এমনিতে ক্রিকেটার বাবাদের ছেলেরা বাইশগজে এলে আলাদা করে প্রত্যাশা তৈরি হয়। এই প্রত্যাশা সন্তানের উপরেও যে চাপ তৈরি হরে তা সব বাবারাই জানেন। সুনীল গাভাস্কারের ছেলে রোহন গাভাস্কারকে চিরকাল এই সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে। শচীন-পুত্র যখন মুম্বই স্কুল টুর্নামেন্টে সেঞ্চুরি করেছিল, তখনও একই ঘটনা ঘটেছিল। এবার দ্রাবিড়-পুত্র।
এমনিতে দ্রাবিড় এখন অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলের দায়িত্বে রয়েছেন। বোর্ড সভাপতি হওয়ার পর সৌরভও দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করে দায়িত্ব দিয়েছেন সেরা প্রতিভাদের খুঁজে বের করার। এখন আগামী দিনে বাবার তালিকায় ছেলে সমিত জায়গা পায় কিনা সেটাই এখন দেখার।