দ্য ওয়াল ব্যুরো: একটা সময় দেখে মনে হচ্ছিল ২০০ রানের কাছাকাছি পৌঁছে যাবে ভারতের রান। কিন্তু লোকেশ রাহুল আউট ও রোহিত শর্মা রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার পরেই রানের গতি কিছুটা কমে গেল। শেষদিকে কিছুটা চেষ্টা করলেন মনীশ পাণ্ডে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান করল ভারত।
এদিন মাউন্ট মৌঙ্গানুইয়ে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাটের বদলে ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু এদিনও নিজের সুযোগ নষ্ট করলেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় ওভারেই ফিরে যান তিনি। তারপরে পার্টনারশিপ গড়েন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রাহুল। রোহিত শুরুতে কিছুটা সময় নিলেও ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন।
ঠিক যখন মনে হচ্ছিল বড় রান করবে ভারত, তখনই ছন্দপতন। বেনেটের বলে ৪৫ করে আউট হলেন রাহুল। অন্যদিকে নিজের ২৫ তম হাফসেঞ্চুরি করেন রোহিত শর্মা। কিন্তু তারপরেই রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ৬০ রানের মাথায় মাঠ ছাড়তে হয় রোহিতকে।
তারপরেই রানের গতি কিছুটা কমে গেল ভারতের। শ্রেয়স আইয়ার মারলেও সেই ছন্দে ছিলেন না। শিবম দুবেও কিছু বল নষ্ট করেন। দুবে আউট হওয়ার পর মনীশ পাণ্ডে কয়েকটা বড় শট খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ তোলে ভারত। আইয়ার ৩৩ ও পাণ্ডে ১১ করে অপরাজিত থাকেন।
সিরিজে প্রথম জয় পেতে গেল ১৬৪ তুলতে হবে নিউজিল্যান্ডকে। তবে এই পিচে ব্যাট করা কিন্তু খুব সহজ নয়। বাউন্স রয়েছে। স্পিনারদের জন্য টার্ন রয়েছে। অর্থাৎ জিততে গেলে ভাল ব্যাট করতে হবে মুনরো, গাপটিলদের। অন্যদিকে ভাল বল করলে সিরিজ হোয়াইট ওয়াশের সুযোগ রয়েছে ভারতের কাছেও।