ব্যর্থ টপ অর্ডার, মনীশের হাফসেঞ্চুরিতে ম্যাচে ফিরল ভারত
দ্য ওয়াল ব্যুরো: ফের রান করলেন লোকেশ রাহুল। কিন্তু সঞ্জু স্যামসন, বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা ব্যর্থ হলেন। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়ল ভারতের। কঠিন সময়ে ভারতের ইনিংস ধরলেন মনীশ পাণ্ডে। শার্দুল ঠাকুর ও নবদীপ সাইনিকে সঙ্গে নিয়ে ভারতের রান এক
শেষ আপডেট: 31 January 2020 08:42
দ্য ওয়াল ব্যুরো: ফের রান করলেন লোকেশ রাহুল। কিন্তু সঞ্জু স্যামসন, বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা ব্যর্থ হলেন। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়ল ভারতের। কঠিন সময়ে ভারতের ইনিংস ধরলেন মনীশ পাণ্ডে। শার্দুল ঠাকুর ও নবদীপ সাইনিকে সঙ্গে নিয়ে ভারতের রান একটা সম্মানজনক টোটালের দিকে এগিয়ে নিয়ে গেলেন তিনি। শেষ পর্যন্ত মনীশের হাফসেঞ্চুরির দৌলতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান করল ভারত।
এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান এই ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। শুরুটা ভালই করেন লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসন। কিন্তু এদিন বাজে শট খেলে ফের নিজের উইকেট দিয়ে এলেন সঞ্জু। ৮ রান করে আউট হন তিনি। ব্যাট করতে নেমে পরপর দুটি চার মারলেও বেনেটের বলে টপ এজ লেগে ১১ রানের মাথায় আউট হন বিরাট। আইয়ার মাত্র ১ রান করে সোধির শিকার হন।
টপ অর্ডার আউট হয়ে যাওয়ার পর শিবম দুবের সঙ্গে পার্টনারশিপ গড়েন লোকেশ রাহুল। কিন্তু ভাল সময়ে আউট হয়ে যান রাহুল। ৩৯ রানের মাথায় ছক্কা মারতে গিয়ে সোজা ফিল্ডারের হাতে মারেন তিনি। দুবে ১২ করে আউট হন। দেখে মনে হচ্ছিল ১২০ করা কঠিন হবে ভারতের। তখনই পার্টনারশিপ গড়েন মনীশ পাণ্ডে ও শার্দুল ঠাকুর।

দু'জনে মিলে ভারতের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। মাঝেমধ্যেই বড় শট আসছিল। ২০ রানের মাথায় বেনেটকে বড় শট খেলতে গিয়ে আউট হন শার্দুল। কিন্তু অন্যদিকে দায়িত্ব নিয়ে ব্যাট করলেন মনীশ। শার্দুল আউট হওয়ার পর সাইনির সঙ্গে পার্টনারশিপ গড়লেন তিনি। দায়িত্ব নিয়ে খেললেন। হিসেব করে মারলেন। শেষ পর্যন্ত নিজের হাফসেঞ্চুরিও করেন পাণ্ডে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ তোলে ভারত। মনীশ ৫০ ও নবদীপ ১১ করে অপরাজিত থাকেন।
বিরাটরা যে রান চাইছিলেন তার থেকে হয়তো কিছুটা কম রান হয়েছে। তবে মনে রাখা দরকার বিপক্ষ দলে কিন্তু এদিন নেই কেন উইলিয়ামসন। সুতরাং শুরুতে ধাক্কা দিলে চাপে পড়ে যাবে কিউয়িদের ব্যাটিং।