করোনা: জুলাইয়ের বদলে সেপ্টেম্বর থেকে শুরু হোক কলেজ, বিশ্ববিদ্যালয়ের সেশন, প্রস্তাব ইউজিসি-র
দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ সংক্রমণের কারণে ভারতে বর্তমানে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নতুন সেশন শুরু হওয়ার সময় এগিয়ে আসছে। কিন্তু এই পরিস্থিতিতে কবে ক্লাস শুরু হবে তার নিশ্চয়তা নেই। আর তাই কলেজ, বিশ্বব
শেষ আপডেট: 25 April 2020 10:15
দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ সংক্রমণের কারণে ভারতে বর্তমানে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নতুন সেশন শুরু হওয়ার সময় এগিয়ে আসছে। কিন্তু এই পরিস্থিতিতে কবে ক্লাস শুরু হবে তার নিশ্চয়তা নেই। আর তাই কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিয়মমাফিক জুলাই মাসের বদলে সেপ্টেম্বর মাস থেকে নতুন সেশন শুরু করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র একটি কমিটি।
বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য দুটি কমিটি তৈরি করেছিল ইউজিসি। তার মধ্যে একটি কমিটির নেতৃত্বে ছিলেন হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর সি কুহাদ। তাঁদের দায়িত্ব ছিল লকডাউনের মধ্যে কী ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হবে সেটা দেখা। দ্বিতীয় কমিটির দায়িত্বে ছিলেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির উপাচার্য নাগেশ্বর রাও। তাঁদের দায়িত্ব ছিল অনলাইনে শিক্ষা ব্যবস্থা কী ভাবে আরও উন্নত করা যায়, সেই ব্যাপার দেখা। দুটি কমিটিই শুক্রবার তাদের রিপোর্ট জমা দিয়েছে।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের একটি আধিকারিক জানিয়েছেন, “প্রথম কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে জুলাই মাসের বদলে সেপ্টেম্বর থেকে নতুন সেশন শুরু করা হোক। দ্বিতীয় কমিটি জানিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো আছে, তারা লকডাউনের মধ্যেই অনলাইনে পরীক্ষা নিতে পারে। আর নাহলে লকডাউন শেষ হওয়ার পরে খাতায়-কলমে পরীক্ষা নিতে পারে।”
ওই আধিকারিক আরও জানিয়েছেন, দুটি প্রস্তাবই এখনও সরকারি সিলমোহরের অপেক্ষায় রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই ব্যাপারে ঘোষণা হয়ে যাবে বলে জানানো হয়েছে। তবে সব প্রস্তাবই যে মানা হবে তেমন নয়। এই পরিস্থিতিতে যে প্রস্তাবগুলি কার্যকর হবে তা মানা হবে।
তবে এখনও কিছু সমস্যা রয়েছে। অ্যাকাডেমিক সেশন পিছিয়ে গেলে এন্ট্রান্স পরীক্ষা ও বোর্ডের পরীক্ষাও পিছিয়ে যাবে। এখনও অবধি জুন মাসে নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে বলে ঠিক আছে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
করোনা মোকাবিলায় ১৬ মার্চ অর্থাৎ লকডাউনের আগে থেকেই দেশজুড়ে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। লকডাউন ওঠার পরে কবে আবার সব স্বাভাবিক হবে সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। আর তাই আগে থেকেই বিকল্প পথ ভেবে রাখতে চাইছে ইউজিসি। আর তাই এই কমিটি তৈরি করা হয়েছিল। এখন দেখার নিজেদের ঘোষণায় কী জানায় ইউজিসি।