নির্ভয়া দোষীরা পশু, তাদের সাজা ফাঁসিই: ফাঁসুড়ে পবন কুমার
দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া দোষীদের ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে আদালত। ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় হবে এই ফাঁসি। এই ফাঁসির দায়িত্বে রয়েছেন পবন কুমার। সেই পবন কুমার বললেন, নির্ভয়া দোষীরা পশু, তারা মানুষ নয়। তাই তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নেই তা
শেষ আপডেট: 24 January 2020 11:55
দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া দোষীদের ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে আদালত। ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় হবে এই ফাঁসি। এই ফাঁসির দায়িত্বে রয়েছেন পবন কুমার। সেই পবন কুমার বললেন, নির্ভয়া দোষীরা পশু, তারা মানুষ নয়। তাই তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নেই তাঁর।
উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা এই পবন কুমার। শুক্রবার নিজের ফ্ল্যাটে বসে সংবাদসংস্থা এএফপিকে তিনি বলেন, "যারা ফাঁসিতে ঝুলতে যাচ্ছে, তারা সবাই পশু, মানুষ নয়। তারা নৃশংস। তাই তাদের ফাঁসির সাজা হয়েছে।" বংশপরম্পরায় তিন পুরুষ ধরে ফাঁসুড়ের কাজ করছেন পবন কুমার। যেদিন থেকে জানা গিয়েছে, নির্ভয়া দোষীদের ফাঁসির দায়িত্বে পবন রয়েছেন, তবে থেকে তাঁর সাক্ষাৎকারের জন্য সংবাদমাধ্যমের ভিড় জমে গিয়েছে।
শুক্রবার এএফপিকে ২০ মিনিটের সাক্ষাৎকার দেন পবন কুমার। তাঁর জন্য আলাদা করে দেহরক্ষীর ব্যবস্থা করেছে পুলিশ। এই প্রথমবার কোনও ফাঁসির দায়িত্ব পেয়েছেন পবন। তাঁর ঠাকুর্দা প্রথম এই ফাঁসুড়ের কাজ শুরু করেন। তাঁকে 'গুরু' বলে ডাকা হত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের ফাঁসি দিয়েছিলেন তিনি। ১৯৮২ সালে খুনের দায়ে অভিযুক্ত আরও দুই কুখ্যাত দুষ্কৃতীকে ফাঁসি দিয়েছিলেন তিনি।

ফাঁসুড়ে হওয়ার গুরুদায়িত্ব থাকার পরেও মাত্র ৫০০০ টাকা স্টাইপেন্ড পান পবন কুমার, এমনটাই অভিযোগ তাঁর। এই টাকায় তাঁর সংসার চলে না। তাই বাধ্য হয়ে অন্য কাজ করতে হয় পবনকে। তিনি বলেন, "আমার পরিবারের লোক ও বন্ধুবান্ধবরা আমাকে সবাই খুব ভালবাসেন। কিন্তু আশা করছি নির্ভয়ার দোষীদের ফাঁসি দেওয়ার পরে আমার সম্মান কিছুটা বাড়বে।"
এই কাজের প্রতি কোনও অনীহা অবশ্য নেই পবনের। তিনি চান তাঁর সন্তানরাও এই কাজ করুক। পবনের কথায়, "অপরাধ তখনই কমবে, যখন অপরাধীদের ফাঁসি দেওয়া হবে। তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিলে তারা জেল থকে বেরিয়ে এসে আবার অপরাধ করবে। তাই এই ধরনের লোকদের ফাঁসি দেওয়া উচিত। তবেই অন্য অপরাধীরা বুঝতে পারবে, অপরাধ করলে ফাঁসিতে ঝুলতে হবে। এই ভয় ঢুকলে তারপরেই অপরাধ কমবে।"