দ্য ওয়াল ব্যুরো: অন্তর্বর্তী বাজেটের পর জিএসটি কাউন্সিলের বৈঠকে সাধ্যের মধ্যে থাকা আবসনের ( অ্যাফর্ডেবল হাউজিং ) ক্ষেত্রে জিএসটির পরিমাণ কমিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটে গৃহঋণের ক্ষেত্রে কর ছাড়ের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
শুক্রবার লোকসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী বলেন, আগে সাধ্যের মধ্যে থাকা আবাসনের ( অ্যাফর্ডেবল হাউজিং ) ক্ষেত্রে গৃহঋণ নিলে ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হতো। সেই ছাড়ের পরিমাণ বাড়িয়ে সাড়ে ৩ লক্ষ করা হলো। অর্থাৎ ছাড়ের পরিমাণ বাড়ল দেড় লক্ষ টাকা।
কার্পেট এরিয়া ও দাম, এই দুটি বিষয়ের উপর নির্ভর করে এই সাধ্যের মধ্যে থাকা আবাসন চিহ্নিত করা হয়। মেট্রো শহরের ক্ষেত্রে যে সব আবাসনের কার্পেট এরিয়া ৬০ বর্গমিটারের মধ্যে, বা দাম ৪৫ লক্ষ টাকার মধ্যে, সেগুলিকে সাধ্যের মধ্যে থাকা আবাসন বা অ্যাফর্ডেবল হাউজিং বলে। মেট্রো শহর ছাড়া অন্য জায়গায় এই কার্পেট এরিয়া বাড়িয়ে ৯০ বর্গমিটার করা হয়। তবে দাম সেই ৪৫ লক্ষ টাকাই থাকে। অর্থাৎ ৪৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্ল্যাট কিনতে গেলে এ বার থেকে গৃহঋণে দেড় লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে।
এর আগে জিএসটি কাউন্সিলের ৩৩ তম বৈঠকে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, সাধ্যের মধ্যে থাকা আবাসন কিনতে গেলে ক্রেতাকে আগে ৮ শতাংশ জিএসটি দিতে হতো। সেই জিএসটি কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। ১ এপ্রিল থেকে কার্যকর হয় এই নতুন নিয়ম।