সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীদের থেকে সংক্রমণের সম্ভাবনা নেই, সাফ জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যাও। একবার যাঁরা সুস্থ হয়ে উঠছেন তাঁদের থেকে নতুন করে সংক্রমণের আর কোনও সম্ভাবনা নেই বলেই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বরং তাঁরা অন্
শেষ আপডেট: 27 April 2020 12:27
দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যাও। একবার যাঁরা সুস্থ হয়ে উঠছেন তাঁদের থেকে নতুন করে সংক্রমণের আর কোনও সম্ভাবনা নেই বলেই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বরং তাঁরা অন্য রোগীদের সুস্থ হয়ে ওঠার মাধ্যম হিসেবে কাজ করতে পারেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
সোমবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তিনি বলেন, “কোভিড ১৯ থেকে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন তাঁদের ব্যাপারে কিছু প্রয়োজনীয় কথা আমাদের প্রচার করতে হবে। আমাদের বুঝতে হবে একবার সুস্থ হয়ে উঠলে তাঁদের থেকে আর সংক্রমণের কোনও সম্ভাবনা নেই। বরং তাঁদের শরীরের প্লাজমা ব্যবহার করে অন্যদের সুস্থ করে তোলার চেষ্টা চলছে। অর্থাৎ তাঁরা অন্য রোগীদের সুস্থ হয়ে ওঠার মাধ্যম হিসেবে কাজ করতে পারেন।”
এদিন সাংবাদিক সম্মেলনে লব আগরওয়াল আরও জানান, এই সংক্রমণ ছড়ানোর জন্য আমাদের কোনও এলাকা বা ধর্মের লোককে দায়ী করা উচিত নয়। সেইসঙ্গে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের হামলা করা থেকে বিরত থাকার আবেদন করেছেন তিনি।
ভারতে কোভিড ১৯ টেস্ট কিটের কোনও অভাব নেই বলেই এদিন স্পষ্ট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব। তিনি বলেন, “ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, আমাদের কাছে প্রয়োজনের থেকে বেশি আরটি পিসিআর টেস্ট কিট আছে। শুধুমাত্র প্রয়োজনের থেকে টেস্ট কিট থাকা নয়, সেগুলো প্রয়োজন মতো সব রাজ্যে পাঠানো হচ্ছে। তাই এটা কোনও সমস্যা নয়।”
ধীরে ধীরে লকডাউনের প্রভাব দেখা যাচ্ছে বলেও জানান লব আগরয়াল। তিনি বলেন, “এই মুহূর্তে দেশের ১৬টি জেলায় গত ২৮ দিন ধরে কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি। এছাড়া ৮৫টি জেলায় গত ১৪ দিন ধরে সংক্রমণের কোনও খবর নেই। এই সংখ্যা দিন দিন বাড়ছে। বোঝা যাচ্ছে লকডাউনের প্রভাব পড়ছে।”
গত ২৪ ঘণ্টায় ভারতে ১৩৯৬ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৭৮৯২। তার মধ্যে ৮৭২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছে ৬১৮৪ জন। এখনও পর্যন্ত এই সুস্থ হয়ে ওঠার হার ২২.১৭ শতাংশ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।