দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নামকরা রেস্তোরাঁয় ডিনার সারতে গিয়েছিলেন কয়েকজন যুবক। দক্ষিণ ভারতীয় পদের জন্য বিখ্যাত ওই রেস্তোরাঁয় দক্ষিণ ভারতীয় খাবার অর্ডার দেন তাঁরা। কিন্তু তারপর যা হতে চলেছে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি তাঁরা। দেখা গেল খাবারের মধ্যে পড়ে রয়েছে মরা টিকটিকি। এই ঘটনায় ওই রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে দিল্লির সম্ভ্রান্ত কনট প্লেসে। সেখানে সারাবানা ভবন নামের একটি নামকরা রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন কয়েকজন যুবক। ধোসা-সম্বর অর্ডার দেন তাঁরা। কিছুক্ষণ খাওয়ার পরে একজন দেখতে পান সম্বরের মধ্যে পড়ে রয়েছে একটি টিকটিকি। তার অর্ধেকটা নেই। এখন সেই অর্ধেক তাঁরা খেয়ে ফেলেছেন, নাকি অর্ধেক টিকটিকিই খাবারে পড়েছিল তা বোঝা যাচ্ছে না।
এই ঘটনার একটি ভিডিও করে তাঁরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটা সম্বরের বাটি হাতে ধরে রয়েছেন একজন। আর অন্য হাতে চামচে করে সেই মরা টিকটিকি ধরে রেখেছেন তিনি। পিছনে আর একজনকে দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে বেশ খানিকটা খাওয়ার পরে টিকটিকি উদ্ধার হয়েছে। একজন ওয়েটারের দিকে তাকিয়ে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমি কিছুটা খেয়েছি। টিকটিকির অর্ধেক নেই।” তারপরে রেস্তোরাঁর মেনু কার্ডের ছবি তোলেন তাঁরা। তাতেই রেস্তোরাঁর নাম দেখা যায়।
এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তাঁদের লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। জানা গিয়েছে, থানায় গিয়ে রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন তাঁরা। তদন্ত শুরু হয়েছে। এমনকি এই ঘটনার পরে ওই যুবকরা হাসপাতালে গিয়ে ডাক্তারও দেখিয়েছেন।
বিশ্বের অন্যতম বড় দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁর চেন হল এই সারাবানা ভবন। দেশে ৩৯টি আউটলেট রয়েছে এই রেস্তোরাঁর। বিদেশেও ৮৭ টি আউটলেট রয়েছে। ১৯৮১ সালে চেন্নাইয়ে শুরু হয় এই রেস্তোরাঁ। দিল্লিতে সাধারণত ছুটির দিনে এই রেস্তোরাঁর বাইরে লাইন পড়ে। সেখানে খাবারে টিকটিকি পাওয়ার ঘটনায় অবাক হচ্ছেন অনেকেই।