দ্য ওয়াল ব্যুরো: দেশের স্বার্থে ও দেশের মানুষের স্বার্থে বারবার এগিয়ে এসেছে আইন ব্যবস্থা। নিজের কর্তব্য পালনে কখনওই তা পিছপা হয়নি। এভাবেই দেশের আইন ব্যবস্থার প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। গুজরাত হাইকোর্টের ডায়মন্ড জুবিলি সেরিমনিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশের শিকড়ের সঙ্গে জুড়ে রয়েছে এই আইন ব্যবস্থা, যা ভারতের সংবিধানকে আরও শক্তিশালী করে তুলেছে।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, “আমাদের সংবিধানের নিয়মকানুনকে আরও ভালভাবে ব্যবহার করা ও সংবিধানকে আরও শক্তিশালী করার কাজ করে চলেছে আইন ব্যবস্থা। ভারতের নাগরিকদের অধিকার রক্ষা করা হোক, কিংবা কখনও দেশের স্বার্থ রক্ষা করা হোক, সবসময় নিজের দায়িত্ব পালন করেছে আইন ব্যবস্থা।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “কয়েকশ বছর ধরে সভ্যতার উন্নতির মধ্যে দিয়ে ভারতীয় সমাজের নিয়মকানুন গড়ে উঠেছে। প্রাচীন গ্রন্থ পড়লে আমরা জানতে পারি ন্যায় বিচারের উপরেই ভাল শাসন গড়ে উঠত। দেশে বিশ্বমানের আইন ব্যবস্থা গড়ে তোলার জন্য বছরের পর বছর ধরে কাজ হয়েছে।”
সবসময় সত্য ও ন্যায়ের পথে চলার জন্য গুজরাত হাইকোর্টের প্রশংসাও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। দেশের আইন ব্যবস্থাকে মজবুত করতে এই হাইকোর্টের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
১৯৫০ সালের ১ মে প্রতিষ্ঠিত হয়েছিল গুজরাত হাইকোর্ট। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, অ্যাডভোকেট জেনারেল কমল ত্রিবেদী বলেন, প্রতিষ্ঠার পর থেকে সমাজের ও দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই হাইকোর্ট। এখান থেকে অনেক বিদগ্ধ আইনজীবী ও বিচারপতি বেরিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, “এই প্রতিষ্ঠান দুর্দান্ত বিচারপতি, আইনজীবী ও দক্ষ কাউন্সিল দিয়েছে দেশকে। ভারতের আইন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গুজরাত হাইকোর্টের।”