দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ব্রিটেনের করোনা স্ট্রেন। এই নতুন স্ট্রেন ৭০ শতাংশ বেশি সংক্রামক বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই ভারতেও ছড়িয়েছে এই স্ট্রেন। দেশের বিভিন্ন রাজ্যে ব্রিটেন ফেরত যাত্রীদের মধ্যে এই নতুন স্ট্রেন দেখা গিয়েছে। কিন্তু এর মধ্যেই নতুন সাফল্য পেয়েছে ভারত। ইতিমধ্যেই ব্রিটেনের এই স্ট্রেনকে সফলভাবে চিহ্নিত করা ও আলাদা করার কাজ করেছেন দেশের বিজ্ঞানীরা। ভারতই প্রথম দেশ যারা ব্রিটেনের স্ট্রেনকে আলাদা করতে পেরেছে। অন্য কোনও দেশ এখনও তা পারেনি।
এই খবর দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। একটি টুইট করে একথা জানিয়েছে তারা। আইসিএমআর জানিয়েছে, সার্স-কভ-২ ভাইরাসের ব্রিটেনের ভ্যারিয়েন্টকে মানুষের শরীর থেকে আলাদা করতে বা চিহ্নিত করতে এখনও কোনও দেশ সক্ষম হয়নি। কিন্তু ভারত ইতিমধ্যেই তা করে ফেলেছে।
আইসিএমআর জানিয়েছে, “ভাইরাসের ব্রিটেনের ভ্যারিয়েন্ট, যাতে অনেক বদল রয়েছে, তাকে সফলভাবে চিহ্নিত ও আলাদা করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। সেই নমুনা এখন পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে রয়েছে। ব্রিটেন থেকে ফেরা যাত্রীদের শরীরের নমুনা থেকে এই নমুনা আলাদা করা হয়েছে।”
জানা গিয়েছে, ব্রিটেন থেকে ফেরা নাগরিকদের নমুনা নিয়ে ভেরো সেল লাইন প্রযুক্তি ব্যবহার করে এই সার্স-কভ-২ ভাইরাসের ব্রিটেনের ভ্যারিয়েন্টকে আলাদা করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই ব্রিটেন থেকে ভারতে ফেরা নাগরিকদের মধ্যে ২৯ জনের শরীরে এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। তাই এই পরিস্থিতিতে নতুন এই ভ্যারিয়েন্টের গতি প্রকৃতি বুঝে ওঠা খুবই প্রয়োজন। তার জন্য সবার আগে প্রয়োজন ভাইরাসকে চিহ্নিত করা। তবে তার প্রকৃতি বুঝে ওঠা সম্ভব হবে। সেটাই করে ফেলেছে ভারত। এবার পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে এই নমুনা নিয়ে পরীক্ষা করে অনেক তথ্য জানা যাবে বলে বিশ্বাসী বিজ্ঞানীরা।