দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁকে ভর্তি করা হয়েছিল দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর। তাই তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও কোন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে তা এখনও জানা যায়নি।
গত রবিবার থেকে জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয় সত্যেন্দ্র জৈনের। ফলে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে নেগেটিভ। কিন্তু তারপরেও শ্বাসকষ্টের সমস্যা থাকায় বুধবার ফের একবার নমুনা পরীক্ষা করা হয় তাঁর। দ্বিতীয় বার রিপোর্ট আসে পজিটিভ। তারপরেই রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইটারে নিজেই দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিন্তিত আম আদমি পার্টির কর্মীরা। আপের অনেক নেতা হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর খোঁজ নিয়েছেন। পুরো বিষয়টির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একটি মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা চলছে সত্যেন্দ্র জৈনের।
দিল্লিতে একাধিক রাজনৈতিক নেতা নেত্রী আক্রান্ত হয়েছেন নভেল করোনা ভাইরাসে। অতীশি সহ তিনজন আপ বিধায়ক আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এছাড়া মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের উপদেষ্টা অক্ষয় মারাঠে ও উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার উপদেষ্টা অনিন্দিতা মাথুর গত বুধবার করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর।
গত সপ্তাহে জ্বর ও গলা ব্যথা হয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও। তাঁরও কোভিড টেস্ট করা হয়। যদিও রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু এভাবে ক্রমাগত রাজনীতিবিদরা আক্রান্ত হওয়ায় চাপ বাড়ছে রাজনৈতিক মহলে।