দ্য ওয়াল ব্যুরো: রেলবোর্ডের বর্তমান চেয়ারম্যান ভিকে যাদবকে বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসারও নিয়োগ করা হল। অনুমতি দিল মন্ত্রিসভার নিয়োগ কমিটি। রেলের ইতিহাসে এই প্রথমবার কেউ একসঙ্গে বোর্ডের চেয়ারম্যান ও সিইওর পদ পেলেন।
শুধু তাই নয়, এর আগে রেলবোর্ডকে ঢেলে সাজানোর বিষয়ে অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। তার প্রথম ধাপ হিসেবে বোর্ডের সদস্য সংখ্যা আট থেকে কমিয়ে পাঁচ করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যাঁরা রেলবোর্ডে রয়েছেন, তাঁরা হলেন- ভিকে যাদব, প্রদীপ কুমার, পিসি শর্মা, পিএস মিশ্র ও মঞ্জুলা রঙ্গনাথন।
রেলবোর্ডের চেয়ারম্যান ও চিফ এগজিকিউটিভ অফিসারের দায়িত্ব সামলাবেন ভিকে যাদব, পরিকাঠামোর দায়িত্ব রয়েছে প্রদীপ কুমারের উপর, ট্র্যাকশন ও রোলিং স্টকের দায়িত্ব পিসি শর্মার উপর, বিজনেস ডেভেলপমেন্টের দায়িত্ব পিএস মিশ্রর উপর ও ফিন্যান্সের দায়িত্ব রয়েছে মঞ্জুলা রঙ্গনাথনের উপর।
এছাড়া আরও তিনটি পদ, অর্থাৎ স্টাফ, ইঞ্জিনিয়ারিং ও ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট তুলে দেওয়া হয়েছে। রোলিং স্টকের দায়িত্ব যিনি সামলাবেন তাঁর অতিরিক্ত কাজ হবে ডিরেক্টর জেনারেল (এইচআর) পদের জন্য নিয়োগ করা।
রেলের মাধ্যমে যে পরিকল্পনা করা হয়েছে তাতে বলা হয়েছে, চেয়ারম্যান ও সিইওর দায়িত্ব থাকবে বিভিন্ন দফতরে হিউম্যান রিসোর্স বা এইচআর পদের নিয়োগের। এই কাজে তাঁকে সাহায্য করবেন ডিরেক্টর জেনারেল (এইচআর)। ইন্ডিয়ান রেলওয়ে মেডিক্যাল সার্ভিস বা আইআরএমএস-এর নাম বদলে করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে হেলথ সার্ভিস বা আইআরএইচএস। রেলের আটটি বিভাগকে একসঙ্গে সংযুক্ত করে একটি কেন্দ্রীয় বিভাগ করার কাজ শুরু হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস।
এই সিদ্ধান্তের কারণ হিসেবে রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বোর্ডের মধ্যে আর দফতর অনুযায়ী ভাগ থাকল না। সবকিছু এক ছাতার তলায় আনা হল। ফলে আরও মসৃণভাবে কাজ এগোবে। তার ফলে কোনও সিদ্ধান্ত নেওয়া ও তাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সুবিধা হবে রেলের। এমনটাই জানানো হয়েছে মন্ত্রকের তরফে।