ওমর আবদুল্লাকে রেজার ‘উপহার’ বিজেপির, বিপাকে পড়ে টুইট মুছল গেরুয়া শিবির
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার একটি ছবি নিয়ে কয়েকদিন আগে হইহই পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। লম্বা দাড়ির ওমরকে দেখে প্রথমে অনেকেই চিনতে পারেননি। গৃহবন্দি নেতাকে কেউ কটাক্ষ করে বলেছিলেন সহানুভূতি পাওয়ার চেষ্টা। কেউ
শেষ আপডেট: 28 January 2020 11:08
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার একটি ছবি নিয়ে কয়েকদিন আগে হইহই পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। লম্বা দাড়ির ওমরকে দেখে প্রথমে অনেকেই চিনতে পারেননি। গৃহবন্দি নেতাকে কেউ কটাক্ষ করে বলেছিলেন সহানুভূতি পাওয়ার চেষ্টা। কেউ আবার তাঁর এই চেহারা দেখেই বলে দিয়েছিলেন, কাশ্মীরে ভয়াবহ পরিস্থিতি চলছে। কিন্তু মঙ্গলবার তামিলনাড়ুর রাজ্য বিজেপির সরকারি টুইটার হ্যান্ডল থেকে ওমরকে বিদ্রুপ করতে যে টুইট করা হল, তাতে সাধারণ মানুষ তো বটেই, ফুঁসে উঠলেন অনেক শীর্ষ বিজেপি নেতাও। পরিস্থিতি বেগতিক বুঝে ওই টুইট মুছে দিতে বাধ্য হল তামিলনাড়ু বিজেপি।
কী ছিল টুইটে?
একগুচ্ছ ডিসপোজাল রেজারের ছবি দিয়ে তামিলনাড়ু বিজেপির তরফে লেখা হয়েছিল, ‘ওমর আবদুল্লাকে এই উপহার পাঠানো হয়েছে বিজেপির তরফে।’
মুহূর্তেই সমালোচনার ঝড় বইতে শুরু করে। দিল্লি বিজেপির শীর্ষ নেতা মনোজ তিওয়ারি পর্যন্ত ওই টুইট নিয়ে লেখেন, এই রকম রুচিহীন কাজ বিজেপিকে মানায় না। গেরুয়া শিবিরের অন্য এক শুভাকাঙ্খী লেখেন, এসব করে আসলে বিজেপির ক্ষতি বিজেপি-ই করছে। চাপে পড়ে যায় গেরুয়া শিবির। আধঘণ্টার মধ্যে ওই টুইট মুছতে বাধ্য হয় তামিলনাড়ু ইউনিট।
[caption id="attachment_181473" align="aligncenter" width="600"]
এই টুইট মুছতে হয় বিজেপির তামিলনাড়ু রাজ্য কমিটিকে [/caption]
জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহারের সময় থেকে ওমর গৃহবন্দি। একগাল কাঁচা-পাকা দাড়ি, নীল জ্যাকেট আর মাথায় টুপি পরিহিত সেই ছবি দেখে অনেকেই প্রথমে ঠাওর করতে পারেননি ওমর বলে। টুইট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “এই ছবিতে আমি ওমরকে চিনতেই পারিনি। আমার ভীষণ খারাপ লাগছে। দুর্ভাগ্য আমাদের গণতান্ত্রিক দেশে এখন এটাই চলছে। এর শেষ কবে?”
ওমর আবদুল্লা মানে ক্লিন সেভড ঝকঝকে লুক। এতদিন পর্যন্ত সেটা দেখতেই অভ্যস্ত ছিল দেশবাসী। কিন্তু ওই ছবি দেখে আঁতকে ওঠেন অনেকে। কাশ্মীরের নেতাদের বন্দি রাখা নিয়ে বিরোধীদের অভিযোগ, সরকার ওখানে বন্দুকের জোরে সব কিছু করছে। ওমরের বাবা তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এখন সাংসদ। বন্দি থাকার কারণে শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারেননি। ওই সময়ে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী শোরগোল ফেলে দিয়েছিলেন লোকসভায়। প্রশ্ন তুলেছিলেন ফারুক কোথায়? জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, “মস্তিতেই আছেন ফারুক। বন্দুক ঠেকিয়ে ওঁকে সংসদের অধিবেশনে আনতে পারব না।”
কিন্তু এদিন ওমরের দাড়ি নিয়ে বিদ্রুপ করতে গিয়ে নিজেরাই নিজেদের মুখ পোড়াল বিজেপি।