দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের দায়ে যাবজ্জীবন জেল খাটছেন স্বঘোষিত গডম্যান আশারাম বাপু। এ বার ধর্ষণের দায়ে অভিযুক্ত হলেন তাঁর ছেলে স্বঘোষিত গডম্যান নারায়ণ সাই। শুক্রবার সুরাতের জেলা আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। ৩০ এপ্রিল তাঁর সাজা ঘোষণা করা হবে। নারায়ণ সাই ছাড়া আরও চারজনকে দোষী সাব্যস্ত করেছে সুরাতের জেলা আদালত।
এ দিন বিচারক পি এস গাধভি এই রায় দেন। তিনি জানিয়েছেন, নারায়ণ সাইয়ের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল, তা সত্যি প্রমাণিত হয়েছে। তাই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারকের রায়ের আগে অবশ্য দেখা যায় নিজের উকিলের সঙ্গে হাসি-ঠাট্টাতেই মশগুল নারায়ণ সাই। সাই ছাড়া গঙ্গা ওরফে ধর্মিষ্ঠা মিশ্র, যমুনা ওরফে ভাবিকা পটেল, হনুমান ওরফে কৌশল ঠাকুর ও রমেশ মলহোত্রকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকি পাঁচ অভিযুক্ত অর্থাৎ, মোহিত ভোজওয়ানি, মনিকা আগরওয়াল, পঙ্কজ দেওরা, অজয় দিওয়ান ও নেহা দিওয়ানের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষীপ্রমাণ না থাকায় তাঁদের মুক্তি দিয়েছে আদালত। এ দিন এই রায়কে কেন্দ্র করে আদালত চত্বরের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
আইপিসির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছিল নারায়ণ সাইয়ের উপর। তাঁরই দুই বোন অভিযোগ করেন, ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তাঁদর বারবার ধর্ষণ করেছেন নারায়ণ। তাঁরা অভিযোগ করেন, সুরাতের আশ্রমে থাকার সময় বারবার তাঁদের ধর্ষণ ও যৌনহেনস্থা করেছেন সাই। ২০১৩ সালের ডিসেম্বর মাসে হরিয়ানার পিপলি থেকে গ্রেফতার করা হয় এই স্বঘোষিত গডম্যানকে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, বিকৃত যৌনহেনস্থা, শ্লীলতাহানি, অস্ত্র নিয়ে দাঙ্গায় উৎসাহ দেওয়া, ষড়যন্ত্র প্রভৃতি একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
নারায়ণ সাইয়ের বাবা আশারাম বাপুর উপরেও উঠেছিল ধর্ষণের অভিযোগ। নারায়ণের বড় দিদি অভিযোগ করেছিলেন তাঁর নিজের বাবা তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন। এ ছাড়াও আশ্রমের আরও কিছু মহিলা অভিযোগ করেছিলেন, তাঁদেরকেও ধর্ষণ করেছেন আশারাম। তারপরেই তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনায় আদালত।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-world-fatima-ibrahim-wife-of-sri-lankan-suicide-bomber-blows-herself-up-with-unborn-child-in-front-of-police/