উন্নাও যাচ্ছেন প্রিয়ঙ্কা, ধর্নায় বসছেন অখিলেশ, চাপ বাড়ছে যোগীর উপর
দ্য ওয়াল ব্যুরো: উন্নাওয়ের ধর্ষিতা দগ্ধ তরুণীর মৃত্যু হয়েছে শুক্রবার গভীর রাতে। তারপর থেকেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের উপর চাপ বাড়াতে নেমে পড়েছেন বিরোধীরা। শনিবারই উন্নাও যাচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। অন্
শেষ আপডেট: 7 December 2019 07:21
দ্য ওয়াল ব্যুরো: উন্নাওয়ের ধর্ষিতা দগ্ধ তরুণীর মৃত্যু হয়েছে শুক্রবার গভীর রাতে। তারপর থেকেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের উপর চাপ বাড়াতে নেমে পড়েছেন বিরোধীরা। শনিবারই উন্নাও যাচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। অন্যদিকে বিধান ভবনের বাইরে ধর্নায় বসার কর্মসূচি নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
এদিন অখিলেশ বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে। একটার পর একটা ঘটনা ঘটছে, আর রাজ্যের সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।” টুইটে যোগী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রিয়ঙ্কা। তিনি বলেছেন, “হায়দরাবাদের ঘটনার পরে উন্নাওয়ের ঘটনা ঘটেছে। কেন নির্যাতিতা তরুণীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারল না প্রশাসন?” তিনি উন্নাওয়ের অন্য ধর্ষিতার উদাহরণ টেনেছেন। যে মামলায় মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। গত জুলাই মাসে ওই নির্যাতিতা যখন উকিলের বাড়িতে যাচ্ছিলেন, ট্রাক দিয়ে পিষে দেওয়ার চেষ্টা হয় তাঁদের গাড়িকে। সনিয়া-কন্যা ওই ঘটনার উদাহরণ টেনে বলেছেন, “একই জেলায় কয়েক মাসে যখন এই ঘটনা ঘটল, তখন কেন প্রশাসন সতর্ক হল না?”

উন্নাও ধর্ষণ কাণ্ড নিয়ে সারা দেশেই ক্ষোভের আগুন ছড়িয়েছিল। দিল্লির সফদরজং হাসপাতালে শুক্রবার বেশি রাতে ৯০ শতাংশ পুড়ে যাওয়া নির্যাতিতা তরুণীর মৃত্যু সেই ক্ষোভকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ওই ঘটনার পর মুখ না খুললেও শনিবার সকালে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “এর থেকে নৃশংস ঘটনা আর হতে পারে না। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। ফাস্ট ট্র্যাক আদালতে অভিযুক্তদের বিচার হবে।” যোগী এও বলেন, অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। উন্নাওয়ের মতো ঘটনা যাতে উত্তরপ্রদেশে আর না ঘটতে পারে সেজন্য পুলিশ ও প্রশাসন সবরকম চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, শনিবারই পুলিশ ও প্রশাসনের কর্তাদের বৈঠকে ডেকেছেন তিনি।
শুধু প্রিয়ঙ্কা অখিলেশ নন, যোগীর বিরুদ্ধে সরব হয়েছেন বহুজন সমাজ পার্টি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও। সব মিলিয়ে যোগী সরকারের উপর চাপ বাড়াতে কোমর বেঁধে নেমছেন বিরোধীরা।