দ্য ওয়াল ব্যুরো: দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপি কর্মীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বক্তৃতায় স্পষ্ট জানিয়ে দিলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে আরও অনেকদিন লড়তে হবে। ক্লান্ত হলে চলবে না।
এদিন মোদী বলেন, "আমি দায়িত্ব নিয়ে বলছি, করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে যুদ্ধটা দীর্ঘ। এখানে ক্লান্ত হলে চলবে না। বিশ্রাম নেওয়ার কোনও অবকাশ নেই। এই যুদ্ধ আমাদের জিততেই হবে।" তিনি আরও বলেন, "দেশের এখন একটাই লক্ষ্য। তা হল, এই মারণ ভাইরাসকে পরাজিত করা।"
শুক্রবার সকাল ন'টায় ভিডিও বার্তা পোস্ট করে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন, রবিবার রাত ন'টায় ন'মিনিটের জন্য বাড়ির আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে। তাঁর বক্তব্য ছিল, মহাশক্তি জাগরণ ঘটাতেই এই আহ্বান। এদিনের বক্তৃতায় প্রদীপ জ্বালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, “রবিবার সন্ধ্যায় আমরা উপলব্ধি করেছি, আমাদের ঐক্যবদ্ধ শক্তি কতখানি।” দেশের মানুষ যে ভাবে লকডাউন পালন করছেন তারও প্রশংসা শোনা যায় মোদীর গলায়।
১৯৮০ সালে আজকের দিনেই অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীদের হাত ধরে বিজেপির প্রতিষ্ঠা হয়েছিল। প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আবেগ উস্কে দিতে চেয়েছিলেন মোদী।
এদিন বিজেপি কর্মীদের কাছে তিনি পাঁচ দফা কর্মসূচি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, দলের সভাপতি জে পি নাড্ডা যে গাইডলাইন দিয়েছেন, তা মেনে চলুন। নজর রাখুন, কোনও গরিব মানুষ যেন উপবাসী না থাকে।
সোমবার দলের সদস্যদের সামনে ভাষণ দেন সভাপতি জে পি নাড্ডা। তাঁর কথায়, “কোভিড ১৯ সংক্রমণের ফলে বিশ্বজুড়ে সংকট চলছে। এই অবস্থায় মোদী যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, তা সর্বত্র প্রশংসিত হয়েছে।” এর পরে তিনি বলেন, “করোনা সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য সারা পৃথিবী এখন মোদীর দিকে তাকিয়ে আছে।”
দলের কর্মীদের উদ্দেশে নাড্ডা আরও বলেন, “বিজেপির ৪০ বছর পূর্তি হল। এই উপলক্ষে দলের প্রত্যেক কর্মীকে ৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে হবে। একইসঙ্গে তাঁরা পিএম কেয়ার ফান্ডে ১০০ টাকা করে দেবেন।”