দ্য ওয়াল ব্যুরো: কুলগামের পর সোপিয়ান। ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। সেনাবাহিনীর তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তাবাহিনীর কাছে নির্দিষ্ট খবর ছিল, সোপিয়ানের মেলহোরা গ্রামে আশ্রয় নিয়েছে জঙ্গিরা। গতকাল রাতে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ-এর যৌথবাহিনী তল্লাশিতে পৌঁছতেই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। প্রায় ভোররাত পর্যন্ত চলে গুলির লড়াই। সোমবার রাতে কুলগামে তিন জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা। এই নিয়ে লকডাউন পর্বে ৩০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
লকডাউনের মধ্যে কাশ্মীর একাধিকবার উত্তপ্ত হয়েছে। শুধু জঙ্গি নয়, পাক সেনাও ধারাবাহিক ভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে নিয়ন্ত্রণ রেখায়। জবাবে ভারতীয় সেনা ড্রোন হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় পাক ভূখণ্ডের জঙ্গি ঘাঁটি এবং গোলা বারুদের গুদাম। সেই ভিডিও-ও প্রকাশ করে সেনাবাহিনী। পরে গোয়েন্দা রিপোর্টে জানা যায় ওই হানায় ১৫ পাক সেনা এবং আটজন জইশ জঙ্গি নিহত হয়েছে।
এই পর্বে সেনা প্রধান জেনারেল এমএম নারাভানেকেও ছুটে যেতে হয়েছিল কাশ্মীরে। ইসলামাবাদের বিরুদ্ধে তোপ দেগে সেনাপ্রধান বলেন, “ভারত-সহ গোটা বিশ্ব যখন করোনার বিরুদ্ধে লড়ছে তখন পাকিস্তান তার সন্ত্রাস চালিয়েই যাচ্ছে।”