দ্য ওয়াল ব্যুরো: বিপুল পরিমাণ মাদক উদ্ধার হল খোদ কলকাতায়। যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায় হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের বিরাট একটি দল। উদ্ধার হয় মোট ২৫ কেজি হেরোইন। গ্রেফতার করা হয়েছে দুই সন্দেহভাজনকে।
পুলিশ জানিয়েছে ধৃত দুজনের নাম জুবের এবং মৌলানা ফয়েজউদ্দিন। এর মধ্যে জুবেরের বাড়ি উত্তরপ্রদেশে। ধৃত ফয়েজউদ্দিন মণিপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার দুপুরে দায়রা আদালতে তোলা হবে।
এসটিএফ জানিয়েছে, বহুমূল্যের হেরোইন মিলেছে দু’জনের থেকে। ফয়েজউদ্দিনের থেকে বেগুনি হেরোইন মিলেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই হেরোইন কলকাতার কোথায় নিয়ে যাওয়া হত। কতদিন ধরে এই চক্র চলছে, শহরের কারা জড়িত সেটাই এখন খতিয়ে দেখতে চাইছে এসটিএফ।
তদন্তকারীদের প্রাথমিক ধারণ কলকাতা শহরে এদের লোক রয়েছে। নাহলে এরা এভাবে এত পরিমাণ মাদক নিয়ে অচেনা জায়গায় আসত না। এর পিছনে বড় চক্র রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। অনেকের মতে, উত্তর-পূর্ব থেকে আনা হেরোই অন্যত্র ছড়াতেই হয়তো কলকাতাকে ভায়া হিসেবে ব্যবহার করছিল মাদক পাচারকারীরা। তবে সাম্প্রতিক অতীতে এত টাকার মাদক উদ্ধার হয়নি বলেই মত এসটিএফের।
পুজোর পর টালাব্রিজের কাছ থেকে একটি ছোট মালবাহী গাড়িতে গাঁজা উদ্ধার করেছিল কলকাতা পুলিশ। ওই সময়েও পুলিশের নজরে এসেছিল পাইকপাড়া এলাকার একটি ডেরা। সেই চক্রই এর পিছনে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।