দ্য ওয়াল ব্যুরো: কোভিড টিকার ডোজ নেওয়ার পরে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু হল প্রৌঢ়ের। ভ্যাকসিন নেওয়ার পরে নানারকম শারীকিক জটিলতা বা পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। টিকাকরণের পরে মৃত্যুর ঘটনাও ঘটেছে, তবে সেগুলি সরাসরি টিকার ডোজের সঙ্গে সম্পর্কিত কিনা তা নিশ্চিত করতে পারেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই প্রথমবার ভ্যাকসিন ডোজের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই মৃত্যুর খবর জানাল সরকারি প্যানেল।
কোভিড টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা, মানুষের শরীরে কতটা ইমিউনিটি তৈরি হচ্ছে, এ সব কিছুর খোঁজ রাখতে ‘অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন’ (এইএফআই)প্রোগ্রাম শুরু করা হয়েছে দেশজুড়েই। টিকা নেওয়ার পরে কতজনের মধ্যে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে বা তেমন কোনও শারীরিক সমস্যা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতেই এই কমিটি তৈরি করেছে সরকার। এইএফআই কমিটির তরফে জানানো হয়েছে, ৬৮ বছরের এক ব্যক্তির টিকা নেওয়ার পরে অ্যালার্জি জনিত পার্শ্বপ্রতিক্রিয়া বা অ্যানাফিল্যাক্সিসের কারণে মৃত্যু হয়েছে। টিকা নিয়ে অ্যালার্জির সাইড এফেক্টে মৃত্যু দেশে এই প্রথম।
গত ৮ মার্চ টিকার ডোজ নিয়েছিলেন ওই ব্যক্তি। তারপরেই তীব্র অ্যালার্জি দেখা দেয় তাঁর। এইএফআই কমিটির চেয়ারম্যান ডক্টর এন কে অরোরা বলছেন, আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সেগুলি ভ্যাকসিনের ডোজের কারণে কিনা তা নিশ্চিত নয়। এ বছর জানুয়ারিতে আরও দুজনের টিকার ডোজ নেওয়ার পরে অ্যানাফিল্যাক্সিসে আক্রান্ত হয়েছিল বলে শোনা গেছিল, তবে তাঁরা চিকিৎসার পরে সেরে উঠেছিলেন। সরকারি প্যানেলের রিপোর্ট বলছে, আরও ৩১ জনের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। যাঁদের মধ্যে ১৮ জনের মৃত্যু ভ্যাকসিনের ডোজের কারণে হতে পারে বলে অনুমান করা হচ্ছে, সাতজনের মৃত্যুর কারণ জানা যায়নি, অপর দু’জনের মৃত্যুকে কোনও ক্যাটাগরিতে ফেলা যায়নি।
ভ্যাকসিন নেওয়ার পরে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছে?
সরকারি প্যানেলের রিপোর্ট বলছে, কোভিড ভ্যাকসিনের ডোজ নেওয়ার পরে অ্যানাফিল্যাক্সিস দেখা গিয়েছিল ওই প্রৌঢ়ের শরীরে। অ্যানাফিল্যাক্সিস হল ‘সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন’ । খাবার, ওষুধপত্র বা বিষক্রিয়ায় এই রোগ হতে পারে। ডিম, দুধ বা বাদাম জাতীয় খাবারেও অনেকের এই রকম অ্যালার্জি হতে দেখা যায়। সাধারণ অ্যালার্জির থেকে অনেকটাই বেশি যন্ত্রণাদায়ক অ্যানাফিল্যাক্সিস। সারা শরীরে র্যাশ হয়ে যায়, বমিভাবে, মাথাব্যথা দেখা দেয়। রক্তচাপ আচমকা কমে যেতে পারে, পালস রেট কমে যায়। অ্যালার্জি তীব্রভাবে ছড়িয়ে পড়ে মৃত্যুও হতে পারে।
প্রসঙ্গত, ফাইজারের টিকায় এমন অ্যানাফিল্যাক্সিস দেখা যাচ্ছে বলে বারে বারেই অভিযোগ উঠেছে। ব্রিটেন ও আমেরিকায় কয়েকজন স্বাস্থ্যকর্মীর শরীরে টিকার ডোজে এমন তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।