দ্য ওয়াল ব্যুরো: ফের নতুন করে আগুন বাগরি মার্কেটে। বিল্ডিংয়ের চতুর্থ তলায় ব্লক-এ’তে নতুন করে আগুন লেগেছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার রাতে সাড়ে ১১টা নাগাদ দমকলকর্মীরা দেখতে পান বাগরি মার্কেটের চতুর্থ তলার দুটি জানলা থেকে গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। দেখা যায় আগুনের শিখা। এই অংশটি মেহতা বিল্ডিংয়ের সামনের দিকে রয়েছে। নতুন করে ধোঁয়া বের হতে দেখে দমকলকর্মীরাও ফের ময়দানে নেমে পড়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেছেন কর্তব্যরত দমকলকর্মীরা।
https://youtu.be/9Ach1Fqsn2Q
অন্যদিকে নতুন করে ফের আগুনের শিখা দেখতে পাওয়াতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মনে করা হচ্ছে, কোনও দাহ্য পদার্থ হঠাৎ করে জ্বলে যাওয়াতেই ফের অগ্নিকাণ্ড বাগরি মার্কেটে। আপাতত দমকলকর্মীরা সেই আগুন নেভানোর কাজ করছেন।
প্রসঙ্গত, রবিবার রাতে আড়াইটে নাগাদ বাগরি মার্কেটে আগুন লাগে। মঙ্গলবার দুপুরের পর থেকে কিছুটা আয়ত্তে আসে বাগরি মার্কেটের আগুন। যদিও চারপাশ দিয়ে জল দেওয়ার কাজ চালিয়ে জাচ্ছিলেন দমকল কর্মীরা। দমকলের তরফে আশ্বাস দিয়ে জানানো হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই চলে এসেছে। নতুন করে আগুন ছড়ানোর আর কোনও জায়গা নেই বলেও দমকলের তরফে জানানো হয়।
কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ১১ টাকা নাগাদ ফের আগুনের শিখা এবং কালো ধোঁয়া বের হতে দেখায় আতঙ্ক ছড়িয়েছে। দিনরাত এক করে ৭২ ঘণ্টা হয়ে যাওয়ার পরেও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল কর্মীরা। কবে সবটা আয়ত্বের মধ্যে আসবে সেই আশা-আশঙ্কার দোলাচলে স্থানীয় বাসিন্দারা।