দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ক্রমশই বাড়ছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ। এ বার কোভিডে আক্রান্ত হয়েছেন প্রতিবেশী দেশের অভিনেত্রী সাদিকা পরভিন পপি। দর্শকমহলে অবশ্য পপি নামেই জনপ্রিয় তিনি।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশি ছিল অভিনেত্রীর। উপসর্গ দেখে সোয়াব টেস্ট করান তিনি। এরপর রিপোর্ট আসে পজিটিভ। সূত্রের খবর, গত পাঁচমাস ধরে খুলনার খালিশপুরে নিজের বাড়িতেই ছিলেন পপি। বৃহস্পতিবার তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে।
অভিনেত্রী জানিয়েছেন, জ্বর এবং সর্দি-কাশির সঙ্গে তাঁর তীব্র শ্বাসকষ্টও ছিল। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিবারের লোকেদের পরামর্শে কোভিড টেস্ট করান তিনি। রিপোর্ট আসে পজিটিভ। পপি জানিয়েছেন, তাঁর জ্বর এবং সর্দি-কাশি মাথাব্যথা সে ভাবে না থাকলেও শ্বাসকষ্ট কমেনি। পরিবারের লোকেদের থেকে দূরে থাকছেন তিনি। ডাক্তারের পরামর্শে চলছে চিকিৎসাও। হোম আইসোলেশনে রয়েছেন তিনি। বাড়িতে অক্সিজেনের ব্যবস্থাও রাখা হয়েছে।
বাংলাদেশে করোনা সংক্রমণের প্রথম দিকে পপি খুলনার খালিশপুর তাঁর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। লকডাউনে সেখানে আটকে পড়েন তিনি। করোনা মহামারীর সময়ে খালিশপুর ও পাশ্ববর্তী এলাকায় দুস্থ মানুষদের ত্রাণ বিতরণ করছিলেন পপি। তাঁর পরিবারের এক সদস্য জানিয়েছেন, একদিন ত্রাণ বিতরণ সেরে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন পপি। জানা গিয়েছে, আগামী সপ্তাহে অভিনেত্রী দ্বিতীয়বার করোনা টেস্ট করাবেন।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে নতুন করে সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৪৮ জন। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা মোট ২,১৮,৬৫৮। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৮৩৬ জনের।