দ্য ওয়াল ব্যুরো : সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নতুন প্রযুক্তি ব্যবহার করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার নাম ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। এর ফলে সীমান্তরক্ষীদের আর সারাক্ষণ বর্ডারে দাঁড়িয়ে পাহারা দিতে হবে না। বর্ডারের কাছে এক জায়গায় থাকবে বিএসএফের কম্যান্ড ও কন্ট্রোল সিস্টেম। সেখান থেকে মনিটরে পুরো সীমান্তে নজর রাখা যাবে। কোথাও সন্দেহজনক কিছু দেখা গেলে সঙ্গে সঙ্গে খবর পাঠানো হবে নিকটবর্তী বিএসএফ চৌকিতে।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজস্থানের বিকানিরে বিএসএফের 'শস্ত্র পূজা' অনুষ্ঠানে একথা জানিয়েছেন। তিনি বলেন, নতুন প্রযুক্তি আপাতত জম্মু সীমান্তে প্রয়োগ করা হয়েছে। ক্রমশ দেশের অন্যান্য প্রান্তেও প্রয়োগ করা হবে। তবে তাতে কিছুদিন সময় লাগবে। তখন আর সৈনিকদের পালা করে ২৪ ঘন্টা সীমান্তে দাঁড়িয়ে পাহারা দিতে হবে না।
বিএসএফের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ওপরে দেশবাসীর পূর্ণ আস্থা আছে।তাদের জন্য পাকিস্তানের রেঞ্জাররাও আর অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিতে পারছে না। মাওবাদী অধ্যুষিত অঞ্চলে ও অন্যান্য জঙ্গি মোকাবিলায় বিএসএফ ভালো কাজ করেছে।