
ফাইল ছবি।
শেষ আপডেট: 17 December 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো: দাবি আদায়ে আগামী ২০ ডিসেম্বর ফের আন্দোলনে নামার ডাক দিয়েছে কুড়মি সমাজ। তবে কুড়মিদের ওই আন্দোলনের জন্য জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত এও জানিয়েছে, নির্দেশ অমান্য করে জাতীয় সড়ক ও রেলওয়ে ট্র্যাক অবরোধ করলে রাজ্য সরকার উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
ঝাড়খন্ড, বিহার, ওড়িশা ও এ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে কুড়মি সম্প্রদায়ের মানুষের বসবাস। এই সম্প্রদায়ের মোট ৮১টি গোষ্ঠী রয়েছে। রাজ্যের কমবেশি ৩০টি বিধানসভা ও ৪ টি লোকসভা আসনে কুড়মি ভোট ব্যাঙ্ক নির্ণায়কের ভূমিকা নেয়।
কুড়মিদের দাবি, দেশ স্বাধীনের আগে পর্যন্ত হওয়া জনগণনায় তাঁদের জনজাতি হিসাবে চিহ্নিত করে এসেছে তৎকালীন ব্রিটিশ সরকার। পরবর্তীতে অজানা কারনে ১৯৫০ সালে তাঁদের সেই তকমা ঘুচে যায়। পরবর্তীতে ১৯৫১ সাল থেকে প্রতি দশ বছর অন্তর জনগণনায় কুড়মিরা সাধারণ জাতি হিসাবে চিহ্নিত হয়ে আসছে।
এর প্রতিবাদে সত্তরের দশক থেকে অধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি মেনে, ২০১৭ সালে রাজ্য কালচারাল রিসার্চ ইন্সটিটিউটকে দিয়ে সমীক্ষাও করায়। সেই সমীক্ষা রিপোর্ট পাঠানো হয় কেন্দ্রের কাছেও।
আন্দোলনকারীদের বক্তব্য, এ ব্যাপারে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা একাধিক সুপারিশ করেছিল। কেন্দ্র রাজ্যের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতেও চায়। কিন্তু রাজ্যের গড়িমসিতে আজও এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তথ্য কেন্দ্রের কাছে না পাঠানোয় দাবি মেটেনি। এরই প্রতিবাদে ২০ ডিসেম্বর রাজ্য জুড়ে রেল ও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা।
এদিন আদালতে রাজ্য জানায়, কুড়মিদের দাবির বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। ফলে এ বিষয়ে রাজ্য সরকার কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এরপরই আন্দোলনকারীদের রেল ও সড়ক অবরোধের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।