
নামখানা থানার পুলিশ
শেষ আপডেট: 8 November 2024 12:30
দ্য ওয়াল ব্যুরো: আবাসের তালিকা নিয়ে দিকে দিকে এবার ক্ষোভে ফেটে পড়ছেন মানুষ। বাংলার বাড়ি প্রকল্পে তাই এবার সমীক্ষার কাজ শুরু করে দিল নামখানা থানার পুলিশ।
গতকাল নামখানা পঞ্চায়েত এলাকায় তালিকা খতিয়ে দেখেন নামখানা থানার ওসি বিভাস সরকার। আর তাতেই দেখা যায় তালিকায় নাম থাকা দু'জনের পাকা বাড়ি রয়েছে। তাঁদের দাবি, আবেদনের সময় কাঁচা বাড়ি থাকলেও, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে ধারদেনা করে পাকা বাড়ি তৈরি করেছেন।
অন্যদিকে, কাঁচা বাড়ির বাসিন্দাদের অনেকেরই নাম নেই আবাসের তালিকায়। যদিও এ বিষয়টা অস্বীকার করেননি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। কাকদ্বীপের মহকুমা শাসক জানিয়েছেন, এখন ২০২২-এর তালিকা খতিয়ে দেখা হচ্ছে। নতুন আবেদন করারও সুযোগ রয়েছে।
প্রসঙ্গত, আবাস যোজনার প্রাপকদের বাড়ি টাকা যে রাজ্যই দেবে তা আগেই জানিয়েছিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছিলেন, চলতি বছরের মধ্যে আবাস যোজনায় রাজ্যের ১১ লক্ষ মানুষকে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে দেবে নবান্ন।
আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা ( Banglar Awas Yojana – BAY)। ইতিমধ্যে যুদ্ধকালীন সমীক্ষায় আবাস যোজনার প্রাপকদের নামের তালিকাও তৈরি। টাকা বিলির আগে শেষ সমীক্ষায় অনেকের নাম বাদ গিয়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যোগ্য কেউ বাদ গেলেন কি না তা খতিয়ে দেখতে তালিকা রি-চেক করার জন্য নবান্নে পঞ্চায়েত দফতরকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।