দ্য ওয়াল ব্যুরো: শাহিনবাগে গুলি চালিয়ে গ্রেফতার হওয়া কপিল গুজ্জর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের "সেবক"-- এমনই দাবি করল তাঁর পরিবার। অথচ বুধবারই অভিযুক্ত কপিলের বাবা দাবি করেছিলেন, তাঁর ছেলের সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। দিল্লি পুলিশ দাবি করেছিল, আপের সদস্যরা কপিলকে শাহিনবাগে পাঠিয়েছেন হিংসা ছড়ানোর উদ্দেশে। সেই দাবিও উড়িয়ে দিয়েছিলেন কপিলের বাবা। কিন্তু তার খানিক পরেই ফের উল্টো সুর! নিজের ছেলেকে কট্টর হিন্দুত্ববাদী ও বিজেপির সমর্থক বলেই জোর গলায় জানিয়ে দিলেন বাবা গাজে সিং।
প্রায় দু'মাস ধরে দিল্লির শাহিনবাগে চলছে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন। গত সপ্তাহে সেখানেই প্রকাশ্যে গুলি চালায় কপিল গুজ্জর। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি চালানোর আগে 'জয় শ্রীরাম' স্লোগান দিয়েছিল সে। পুলিশ জানিয়েছিল, গ্রেফতার হওয়ার পরে নাকি কপিল স্বীকার করে, সে আপের সদস্য।
এর পরে দিল্লি পুলিশের প্রকাশ্যে আনা একটি ছবিতেও দেখা যায়, কপিল ও তাঁর বাবা গাজে সিং আপ নেতা সঞ্জয় সিং এবং আতিশীর সঙ্গে একই মঞ্চে রয়েছেন। ওই ছবিতে শাহিনবাগ গুলিকাণ্ডে অভিযুক্ত যুবককে আপের দলীয় টুপি পরে থাকতেও দেখা যায়। এই ছবি সামনে আসার পরেও অবশ্য কপিলের বাবা সাফ জানান, যে তাঁদের সঙ্গে আম আদমি পার্টির কোনও যোগ নেই।
তার পরেই আবার বুধবার কপিলের বাবা বলেন, "আপ প্রচারে এসে সবাইকে টুপি পরিয়ে দিয়েছিল, এটা তখনকারই ছবি। আমাদের সঙ্গে আপের কোনও সম্পর্ক নেই। কোনও রাজনীতিরই সম্পর্ক নেই।"
আপের তরফেও জানানো হয়, দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের ইঙ্গিতে বিকৃত তথ্য ছড়াচ্ছে। এর পরে কপিলের পরিবার দাবি করে, এসব কিছুই নয়। আসলে শাহিনবাগের আন্দোলনে এত জ্যাম হতো রাস্তায়, যে তাঁর ছেলে রেগে গুলি চালিয়ে দিয়েছে।
এই মন্তব্যের পরে কয়েক ঘণ্টা কেটেছে মাত্র। গাজে সিং ফের বললেন, "আমার ছেলে মোদী এবং অমিত শাহের অনুগামী। ও সবসময়ই হিন্দুস্তান এবং হিন্দুত্ববাদের কথা বলে।"