দ্য ওয়াল ব্যুরো : গত ২১ জুলাই নভি মুম্বইয়ের তালোজা থেকে উধাও হন এক যুবক। তার আগে স্ত্রীকে ফোন করে ২৮ বছরের ওই যুবক বলেছিলেন, তিনি কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন। তাঁর মৃত্যু আসন্ন। এরপরে তিনি মোবাইলের সুইচ অফ করে দেন। এরপরে বাড়ির কেউ তাঁর খোঁজ পাননি।
অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিনায়ক বাস্ত জানান, ওই যুবক উধাও হওয়ার পরদিন তাঁর শ্যালক দেখেন, ভাসি অঞ্চলে তাঁর মোটরবাইকটি রাস্তায় পড়ে আছে। তার সঙ্গে রয়েছে গাড়ির চাবি, হেলমেট, অফিসের কিছু কাগজপত্র এবং ওয়ালেট। তিনি পুলিশে মিসিং ডায়েরি করেন।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, কোভিড কেয়ার সেন্টারে ওই ব্যক্তি পজিটিভ হননি। পুলিশ আশঙ্কা করেছিল, তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিশকর্মীরা নিকটবর্তী খালগুলিতে দেখেন, ওই যুবকের দেহ পাওয়া যায় কিনা। পরে নিখোঁজ ব্যক্তির মোবাইল ফোনের লোকেশন জানার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজ হয়নি।
সিনিয়র পুলিশ ইনস্পেকটর সঞ্জীব ধুমল বলেন, পুলিশ জানতে পারে, ওই ব্যক্তি ইন্দোরে গিয়েছেন। তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। পুলিশের একটি টিম ইন্দোরে যায়। তারা দেখে, ওই ব্যক্তি ছদ্মবেশে একটি ঘর ভাড়া নিয়ে বাস করছেন। গত বুধবার তাঁকে নভি মুম্বইতে ফিরিয়ে আনা হয়।