
হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মী
শেষ আপডেট: 25 June 2024 16:41
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: দিনেদুপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চলল খড়্গপুরে। বি সন্তোষ নামে এক যুবকের কোমরে গুলি লেগেছে। খড়্গপুর মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
খড়্গপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিস রয়েছে। সেই পার্টি অফিসের সামনে একটি গাছের তলায় বসে অন্যান্য কর্মীদের সঙ্গে গল্প করছিলেন সন্তোষ। তখন একটি বাইকে চড়ে আচমকাই তিন দুষ্কৃতী সেখানে এসে দাঁড়ায়। তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। সামনে থেকে সন্তোষকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। কোনওরকমে দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বেঁচে যান সন্তোষ। তাঁকে আহত অবস্থায় খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের বেডে বসে সন্তাষ জানিয়েছেন, চার-পাঁচ রাউন্ড গুলি চলেছিল। মুখ ঢাকা থাকায় দুষ্কৃতীদের তিনি ঠিকমতো চিনতে পারেননি। একটি গুলি কোমরের নীচে লেগেছে। চিকিৎসা চলছে।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন খড়্গপুরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে।