দ্য ওয়াল ব্যুরো: পিএনবি আর্থিক তছরূপের ঘটনায় মূল অভিযুক্ত ব্যবসায়ী মেহুল চোকসির গ্রেফতারি নিয়ে এবার মুখ খুললেন তাঁর বান্ধবী। গ্রেফতারির আগে বারবারা জামানিকা নামের ওই মহিলার সঙ্গেই ছিলেন চোকসি। অ্যান্টিগুয়া থেকে কিউবার পথে নাকি রোম্যান্টিক সফরে যাচ্ছিলেন তাঁরা। নৌকাবিহারের মাঝপথে পুলিশ চোকসিকে গ্রেফতার করে।
এদিন একটি ভারতীয় টিভি চ্যানেলে বারবারা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে সমস্ত তত্ত্ব উঠে এসেছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি কোনও গোয়েন্দা কিংবা গুপ্তচর নন। এমনকি চোকসি তাঁর বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছেন, তাও সঠিক নয় বলে জানিয়েছেন বারবারা।
বরং আরও অভিনব তথ্য তুলে ধরেছেন ওই মহিলা। তিনি বলেছেন, এক বছর ধরে চোকসি নিজেই নানা ভাবে তাঁর মন জয় করার চেষ্টা করেছেন। তাঁকে নাকি একাধিক হীরের আংটি আর অন্যান্য গয়নাও উপহার দিয়েছেন চোকসি। কিন্তু বারবারা জানিয়েছেন, সেগুলি সবই নকল।
মেহুল চোকসিকে পুলিশের জালে ফাঁসানোর জন্য গুপ্তচর দলের সঙ্গে যুক্ত ছিলেন বারবারা, এমনটাই অভিযোগ তুলেছেন চোকসির স্ত্রী প্রীতি। এদিন সেই অভিযোগকেও নস্যাৎ করে দিয়েছেন বারবারা। তাঁর কথায়, "আমি যদি অপহরণ করতেই চাইতাম, আমার কাছে আরও অনেক সুযোগ ছিল। আমার বাড়িতেই আমি সেটা করতে পারতাম অনেক সহজে।" যে নৌকায় করে তাঁরা যাচ্ছিলেন, তার চালকও বারবারার মতকেই সমর্থন করেছেন বলে খবর।
চোকসিকে ভারতে নিয়ে আসার চেষ্টায় কোনও কসু্র করছেন না গোয়েন্দারা। আপাতত বিদেশ বিভুঁইয়ে ভালমতোই ফেঁসে গিয়েছেন ভারতের এই হীরে ব্যবসায়ী।