
শেষ আপডেট: 4 March 2023 11:30
দ্য ওয়াল ব্যুরো: আপ নেতা মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) আরও দু'দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত। দিল্লির আবগারি দুর্নীতিতে (Delhi Liquor Policy Case) নাম জড়িয়েছিল প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর। গত রবিবার এই দুর্নীতি মামলায় মণীশকে গ্রেফতার করে সিবিআই। শনিবার তাঁকে ফের আদালতে তোলা হলে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালত আরও বলে ১০ মার্চ সিসোদিয়ার জামিন মামলার শুনানি হবে।
পাঁচদিন সিবিআই হেফাজতে থাকার পর শনিবার দিল্লির রাউস আদালতে তোলা হয় মণীশকে। এদিন মণীশের হয়ে তাঁর আইনজীবী আদালতে জানান যে, তাঁর মক্কেলকে হেফাজতে রাখায় কোনও লাভ নেই, কারণ এই মামলার সমস্ত কিছুই আগেই জানানো হয়ে গেছে।
সোমবার ফের আদালতে তোলা হবে মণীশকে। সেদিনই ঠিক হবে মণীশের পরবর্তী ঠিকানা। এখন দেখার ৬ তারিখ আদালত আপ নেতাকে সিবিআই হেফাজত দেন নাকি জেলে পাঠান। কারণ ১০ তারিখই হবে মণীশের জামিনের মামলার শুনানি।
প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি নিয়ে বেশ কয়েকদিন ধরে চাপানউতোর চলছে রাজধানীর রাজনীতিতে। দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনার নির্দেশে সিবিআই রাজ্যের আম আদমি সরকারের আবগারি নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও একই মামলায় তদন্ত শুরু করেছে।
এই দুর্নীতির তদন্তে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই ও ইডির দাবি, এই দুর্নীতির শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আগেও একাধিকবার দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী মণীশের বাড়ি ও অফিসে হানা দেয় সিবিআই। রবিবার মণীশকে গ্রেফতার করে তারা।
কৌস্তভের হয়ে আদালতে ১০০ আইনজীবী! হট্টগোলে এজলাস ছাড়লেন বিচারক