
শেষ আপডেট: 23 August 2023 10:44
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। ব়্যাগিংয়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবি উঠছে সব মহল থেকে। এবার দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিতে এসে যাদবপুরের ব়্যাগিং প্রসঙ্গে মুখ খুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সেই সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya about the ragging of Jadavpur)।
২০১৪ সালে প্রাথমিক পর্ষদ সভাপতি থাকাকালীন ওএমআর শিট সংক্রান্ত একটি মামলায় মানিককে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay)। ওই হলফনামা জমা দিতেই মানিককে এদিন প্রেসিডেন্সি জেল থেকে আদালতে নিয়ে আসা হয়। জেল থেকে বেরানোর সময় সাংবাদিকদের কাছে যাদবপুরের প্রসঙ্গ মুখ খোলেন মানিক।
সেখানেই মানিক ভট্টাচার্যের কাছে তাঁর বিচারের বিষয়ে জানতে চাওয়া হলে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন মানিক। বস্তুত, প্রাথমিক শিক্ষক নিয়োগে কেলেঙ্কারির অভিযোগে প্রায় এক বছর জেলবন্দি রয়েছেন মানিক। বিনা বিচারে আটকে রাখার অভিযোগে এর আগে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যদিও এই বিষয়ে এদিন মানিকের প্রতিক্রিয়া, ‘‘বিচারাধীন বিষয়ে মন্তব্য করব না’।
আদালত সূত্রের খবর, ২০১৪ সালের প্রাথমিক নিয়োগের ওএমআর শিট নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। ওই মামলাতে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় পর্ষদকে ভর্ৎসনা করে আদালতে বিচারপতির পর্যবেক্ষণ ছিল, ‘অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই উত্তরপত্রগুলো নষ্ট করা হয়েছিল। বাছাই করা সংস্থাকে দেওয়া হয়েছিল নষ্ট করার বরাত।‘ ওই মামলাতেই মানিক ভট্টাচার্যকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
এই মামলায় মঙ্গলবার আদালতে মানিকের হয়ে হলফনামা দিতে এসেছিলেন তাঁর মেয়ে স্বাতী ভট্টাচার্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই হলফনামা খারিজ করে জানিয়ে দিয়েছিলেন, মানিককেই সশরীরে আদালতে এসে জমা দিতে হবে হলফনামা। এরপরই আজ আদালতে হাজির হন মানিক।
আরও পড়ুন: যাদবপুরে বসছে সিসি ক্যামেরা! কোথায় বসানো হবে, জানালেন উপাচার্য