দ্য ওয়াল ব্যুরো: মোবাইল চোর সন্দেহে গুজরাটের দাহোদে গণপিটুনিতে মৃত্যু হলো এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর এক বন্ধু।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে গুজরাটের আদিবাসী অধ্যুষিত এলাকা দাহোদে জনা কুড়ি লোক জড়ো হয়ে দুই যুবককে মারধর শুরু করে। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। তাঁরা উত্তেজিত জনতার হাত থেকে যুবক দুজনকে বাঁচানোর চেষ্টাও করেন। কিন্তু ঘটনাস্থলেই মারা যান আজমল ভাহোনিয়া নামের ২২ বছরের ওই যুবক। অন্য যুবক ২৫ বছরের ভারু মাথুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। কিন্তু তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত করার সময় জানা গিয়েছে আজমলের বিরুদ্ধে চুরি, গন্ডগোল পাকানো ও দাঙ্গার প্রায় ৩২ টি অভিযোগ দায়ের রয়েছে। কিন্তু শনিবার ঠিক কী কারণে উত্তেজিত জনতার হাতে মার খেল দুজন সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনার সঙ্গে কারা যুক্ত সে ব্যাপারে খোঁজ নিচ্ছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত কারও খোঁজ পাওয়া যায়নি। কাওকে গ্রেফতার করাও সম্ভব হয়নি।