বিধাননগরের প্রার্থী সুজিত বসু এবং মধ্যমগ্রামের রথীন ঘোষকে পুর নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে, রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমারকে চলতি সপ্তাহেই তিন বার জমি দখল সংক্রান্ত মামলায় জেরা করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 4 April 2026 13:28
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে রাজ্যে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। পুর নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে জমি দখল— একাধিক মামলায় বিদ্ধ শাসকদলের তিন হেভিওয়েট প্রার্থী সুজিত বসু (Sujit Bose), রথীন ঘোষ (Rathi Ghosh) এবং দেবাশিস কুমার (Debasish Kumar)। দেবাশিসকে চলতি সপ্তাহেই তিনবার তলব করা হয়েছে। এই ‘অতিসক্রিয়তা’ নিয়ে বেশ কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রহস্যজনক নীরবতা অনেককেই অবাক করেছিল। কিন্তু শনিবার মালদহের মানিকচকের জনসভা থেকে সেই নীরবতা ভেঙে স্বমহিমায় ফিরলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি আক্রমণ শানালেন ‘মোটাভাই’ আর ইডি-সিবিআই-এর ‘অশুভ আঁতাত’-এর বিরুদ্ধে।
বিধাননগরের প্রার্থী সুজিত বসু এবং মধ্যমগ্রামের রথীন ঘোষকে পুর নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে, রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমারকে চলতি সপ্তাহেই তিন বার জমি দখল সংক্রান্ত মামলায় জেরা করা হয়েছে। এই প্রেক্ষাপটে মালদহের মানিকচকের সভা থেকে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে আসলে বিধায়ক কেনাবেচার ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি।
তৃণমূল নেত্রীর বলেন, ‘‘এখন থেকেই ইডি ডাকছে কেন জানেন? ওদের বলা হচ্ছে, জিতে গেলে, যদি আমাদের আসন কম থাকে, তোমাদের আমাদের ভোট দিতে হবে।। ঘেঁচু দেবে! বাংলাকে চেনো না। বাংলাকে চিনতে গেলে তপস্যা করতে হবে।’’
মমতার ইঙ্গিত স্পষ্ট। তদন্তের ভয় দেখিয়ে আসলে নির্বাচনের ফল বেরোনোর পরের ‘অঙ্ক’ সাজাতে চাইছে গেরুয়া শিবির। কিন্তু বাংলার মাটি থেকে সেই প্রচেষ্টাকে যে তিনি সফল হতে দেবেন না, সেটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি।
বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে মমতা আরও বলেন, ‘‘ইডি, সিবিআই আর মোটাভাই— এদের কাজ কী? মানুষের নাম কাটা, বাংলাকে বিক্রি করা আর অফিসারদের মধ্যে ঝগড়া লাগানো। যারা দাঙ্গা করে ক্ষমতায় আসে, তারা কি মানুষের দুঃখ বোঝে? শুধু দেয় ভাঁওতা। এটা একটা শয়তান সরকার।’’