দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ নিয়ে যখন সারা বিশ্ব সন্ত্রস্ত, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি-- কাউকেই যখন রেয়াত করছে না এই মারণ ভাইরাস, তখন প্রায়ই সংবাদের শীর্ষে আসছে করোনা পজিটিভ তারকাদের কথা। টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রীর করোনা ধরা পড়েছিল মাস দুয়েক আগে। সদ্য করোনা থেকে সেরে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার খবর এল ম্যাডোনার। তবে করোনা আক্রান্ত হওয়ার খবর নয়, একেবারে উল্টো খবর। ম্যাডোনা জানালেন, তাঁর শরীরে করোনাভাইরাস অ্যান্টিবডি রয়েছে।
৬১ বছরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা ইনস্টাগ্রামে এই কথা জানিয়েছেন। সেই সঙ্গে নিজের একটি ভিডিও-ও পোস্ট করেছেন ম্যাডোনা। তাতে দেখা যাচ্ছে, ম্যাডোনা বসে রয়েছেন একটি টাইপরাইটারের সামনে। কিছু একটা টাইপ করছেন। যেন টাইপ করতে করতেই জানালেন এই খবর।
https://www.instagram.com/p/B_nnEvnh_2Y/
এই অ্যান্টিবডি থাকার অর্থ হল, করোনায় আক্রান্ত হবেন না তিনি। যদিও কোনও গবেষণা এখনও নিশ্চিত করে একথা বলেনি, যে কারও শরীরে করোনার অ্যান্টিবডি থাকার অর্থ একেবারে করোনা আশঙ্কামুক্ত হয়ে যাওয়া কিনা। তবু সাধারণ জ্ঞান থেকে এ কথা ধরে নেওয়া যায়, যে কোনও অসুখের অ্যান্টিবডি শরীরে থাকা মানে সেই শরীরে এই রোগের প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার।
বিশ্বজুড়ে চলা এই লকডাউনে ঘরবন্দি ম্যাডোনা প্রায় রোজই ইনস্টাগ্রামে পোস্ট করছেন তাঁর কোয়ারান্টাইন ডায়েরি। সেখানেই তিনি জানিয়েছেন, রক্ত পরীক্ষা করিয়েছিলেন তিনি। সেখানে দেখা গেছে, এই তারকা গায়িকার শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে। এ কথা জানিয়ে ম্যাডোনা লেখেন, "তাই কাল আমি লং ড্রাইভে যাব, জানালা খুলে দেব, করোনার এই বাতাসে শ্বাস নেব। সূর্য নিশ্চয়ই ঝকঝক করে হাসবে।"
এর আগে প্রায় রোজই ঘরে থাকার বার্তা দিয়ে ম্যাডোনা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন কোভিড ত্রাণ তহবিলে দানও করেছেন তিনি। কিন্তু নিজের শরীরে করোনার লড়াইয়ের অস্ত্র আছে একথা নিশ্চিত জানার পরেই যেন এতদিনের সংযম খুলে গেছে পপ তারকার। তিনি এত দিনের সেল্ফ কোয়ারেন্টাইনে ভেঙে বেরিয়ে পড়তে চেয়েছেন মুহূর্তের আবেগে৷
যদিও শরীরে করোনার অ্যান্টিবডি থাকা মানেই যে তিনি বাহকও হতে পারবেন না, বা তার সোশ্যাল ডিসট্যান্সিং প্রয়োজন নেই, এমনটা একেবারেই নিশ্চিত নয়। ম্যাডোনাও যে সত্যিই বেরিয়ে পড়বেন গাড়ি নিয়ে, সেটাও না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে তাঁর শরীরে অ্যান্ডিবডি থাকার খবর সত্যিই আশাজনক।