
শেষ আপডেট: 22 September 2022 04:28
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে (Siddique Kappan) জেলে আটকে রেখেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। সুপ্রিম কোর্ট তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দিতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিল। সেই মতো দশদিন আগে জামিনের আবেদন মঞ্জুর করে নিম্ন আদালত শর্ত দেয়, উত্তরপ্রদেশের দুই বাসিন্দাকে জামিনদার হতে হবে। সেই সঙ্গে এক লাখ টাকা নগদ বা সমমূল্যের সম্পদের নথি আদালতে জমা রাখতে হবে।
এমন কঠিন শর্তেই আটকে আছে কাপ্পানের জামিন। তাতে কিছুটা আশার আলো দেখালেন এক প্রবীণা। ৭৯ বছর বয়সি রূপরেখা বর্মা লখনউ বিশ্ববিদ্যালয়ের (Lucknow University) প্রাক্তন উপাচার্য (ex-VC)। তিনি স্থানীয় আদালতে নিজেকে কাপ্পানের জামিনদার ঘোষণা করে নিজের লাখ চারেক টাকার গাড়িটি বন্ধক রেখেছেন।
প্রবীণার বক্তব্য, আমি কাপ্পানকে চিনি না। বিবেকের ডাকে এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, কেরলের এক বন্ধু ফোনে অনুরোধ করেছিলেন, দু'জন জামিনদার জোগাড় করে দিতে। আমার এখন বাইরের জগতের সঙ্গে যোগাযোগ নেই। আমার পরিচিত একমাত্র আমি। বিবেকের টানে এই সিদ্ধান্ত নিলাম।
বরেলিতে তিনমাসের গর্ভবতীকে ধর্ষণ ৩ দুষ্কৃতীর, গর্ভপাত হতেই ভ্রূণ নিয়ে থানায় শাশুড়ি
এতেই অবশ্য জামিন মিলছে না কাপ্পানের। এখনও দ্বিতীয় জামিনদার মেলেনি। দু'বছর আগে হাথরাসের গণধর্ষণের ঘটনা কভার করতে যাওয়ার সময় কাপ্পানকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।
কেরলের ওই সাংবাদিক দিল্লিতে কর্মরত। উত্তরপ্রদেশ পুলিশের অভিযোগ, সাংবাদিকতার আড়ালে তিনি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো উগ্র ইসলামিক সংগঠনের হয়ে কাজ করেন। যোগীর পুলিশ তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে। সেই কারণেই কেউ তাঁর জামিনদার হতে চাইছেন না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।