
চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।
শেষ আপডেট: 4 June 2024 07:38
দ্য ওয়াল ব্যুরো: গণনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনায় ফুটছে বাংলা-তথা সারা দেশ। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা।
ইতিমধ্যে ব্যারাকপুর থেকে দুর্গাপুর কিংবা মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর, -সর্বত্রই গণনা কেন্দ্রের বাইরে রাজনৈতিক দলের এজেন্টদের ভিড়।
ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যেও গণনাকে কেন্দ্র করে এদিন সাত সকালে উত্তেজনা তৈরি হয় হুগলির গণনা কেন্দ্রে। উত্তেজনা ঠেকাতে তৃণমূল ও বিজেপি দুই দলের এজেন্টদের হুঁশিয়ারি দিতেও শোনা যায় চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগিকে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন হুগলি গণনা কেন্দ্রে ঢোকার সময় তৃনমূল বনাম বিজেপির এজেন্টরা পরস্পরের উদ্দেশে স্লোগান দিতে শুরু করে। জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চন্দননগর পুলিশ কমিশনার।
দুই দলের কর্মীদের উদ্দেশে পুলিশ আধিকারিকের হুঁশিয়ারি, 'গণনা কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা করলে পিটিয়ে বের করে দেওয়া হবে।' এরপরই দু'পক্ষের কর্মীদের চুপচাপ ভেতরে ঢুকে যেতে দেখা যায়।