
শেষ আপডেট: 3 April 2022 18:19
দ্য ওয়াল ব্যুরো: ৪১০ জন সাধারণ মানুষের মৃতদেহ উদ্ধার হল ইউক্রেনের কিয়েভ (Kyiv) শহরের বিভিন্ন এলাকা থেকে! জানা গেছে, রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা এলাকাগুলোতেই এই দৃশ্য দেখা গেছে। রাস্তায় পড়ে আছে অসামরিক মানুষের অগণিত দেহ। সংখ্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ৪১০, রবিবার এমনটাই জানিয়েছে কিয়েভের প্রসিকিউটর জেনারেল ইরিয়ানা ভেনেডিক্টোভা।
পাঁচ সপ্তাহ যুদ্ধের পর রাশিয়া তার সেনাবাহিনীকে ওই এলাকা থেকে প্রত্যাহার করে নিয়েছে। এর পরেই ইউক্রেনের সেনারা রাশিয়ানদের কাছ থেকে রাজধানী কিয়েভের (Kyiv) চারপাশে কমপক্ষে ৩০টি শহর এবং গ্রাম ফের নিজেদের দখলে ফিরিয়ে নিয়েছে। এর পরেই সামনে এসেছে মর্মান্তিক দৃশ্য।

কিয়েভের থেকে ৩০ কিলোমিটার দূরে পুনরুদ্ধার হওয়া শহর বুচার দৃশ্য সবচেয়ে ভয়াবহ। আজ, রবিবার সকালে আন্তর্জাতিক টেলিভিশনে দেখানো হয়েছে, পড়ে থাকা দেহের স্তূপে কারও হাত উড়ে গেছে। কেউ সাইকেলের উপর বসা অবস্থাতেই মারা গিয়েছেন। কারও হাতের আঙুল থেকে ছিন্নভিন্ন হয়ে গেছে চামড়া, মাংস। এখানে ওখানে পড়ে আছে মৃতদেহ। অন্তত ২০টি দেহ দেখা গেছে, যেগুলির হাত পেছন দিকে বাঁধা। দেহগুলির পাশে ঘুরঘুর করছে কুকুর। রয়েছে বহু বিধ্বস্ত ট্যাঙ্কও।

জানা গেছে, রাশিয়ার সেনারা এক মাস ধরে দখল করে রেখেছিল এই শহর। এই সময়েই তারা সেখানকার অধিবাসীদের এমন নির্বিচারে হত্যা করে। গণকবরও দেওয়া হয়েছে বহু মানুষকে। সংখ্যাটা কম করে ২৮০ বলে জানাচ্ছেন বুচা শহরের মেয়র অ্যানাটোলি ফেডরৌক। রুশ হামলায় মৃতদের ভিড়ে শিশু, কিশোরও রয়েছে বলে দাবি তাঁর।

রাশিয়া অবশ্য এই গণহত্যার কথা শিকার করেনি। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, কিয়েভ এবং পশ্চিমের মিডিয়াগুলি গল্প ফাঁদছে। রাশিয়ার সেনা একটিও সাধারণ মানুষকে মারেনি বলে দাবি করা হয়েছে।
'টিপ পরছোস কেন?' পুলিশের চরম হেনস্থা শিক্ষিকাকে! প্রতিবাদে মুখর সোশ্যাল মিডিয়া