মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালে কম খরচে সফল কিডনি প্রতিস্থাপন। ২২ বছরের রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। হাসপাতালের প্রথম কিডনি ট্রান্সপ্ল্যান্টে চিকিৎসাক্ষেত্রে নতুন দিশা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 27 November 2025 10:02
দ্য ওয়াল ব্যুরো: মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতাল (Viva City Hospital)-এর মুকুটে যোগ হল নতুন পালক। সম্প্রতি এই বেসরকারি হাসপাতাল সফলভাবে কিডনি প্রতিস্থাপন (Kidney Transplant) সম্পন্ন করে চিকিৎসা ক্ষেত্রে বড়সড় সাফল্য অর্জন করেছে। এই সফল অস্ত্রোপচারের পর রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর পরিবারের সদস্যরা খুশি। এই ঘটনা অন্যান্য জটিল রোগে ভোগা রোগীদের জন্য আশার আলো দেখাচ্ছে।
জানা গিয়েছে, ২২ বছর বয়সী এক যুবক দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে (Chronic Kidney Disease) ভুগছিলেন। প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও, একটা সময়ের পর ওষুধে আর কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত চিকিৎসকেরা জানিয়ে দেন, কিডনি প্রতিস্থাপনই তাঁর সুস্থতার একমাত্র পথ।
সেই অনুযায়ী, গত ৯ নভেম্বর যুবককে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ নভেম্বর সফল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারকারী মেডিক্যাল টিম সাফল্য পাওয়ায় যুবক সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।
বুধবার সুস্থ ওই যুবককে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল। হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও ডাঃ প্রতীম সেনগুপ্ত বলেন, "এই প্রথমবার মধ্যমগ্রামের এই বেসরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন হল। অস্ত্রোপচার সফল।"