
শেষ আপডেট: 1 February 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: কর্তব্যরত পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল সিবিআইয়ের কলকাতার দফতরে। নিজাম প্যালেসের ১৪ তলায় শৌচাগারের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের ওই কর্মীকে।
দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম মীর আজ়াদ আলি। তিনি কলকাতা পুলিশের প্রথম ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, শারীরিক অসুস্থতার কারণেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সূত্রের খবর, নিজাম প্যালেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিশ কর্মী। এদিন তাঁকে শৌচাগারে পড়ে থাকতে দেখা যায়। এরপরই দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আদালতের নির্দেশে শিক্ষা-সহ রাজ্যের একাধিক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। নিজাম প্যালেসে রয়েছে তদন্ত সংক্রান্ত একাধিক নথিও। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।